দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২০টি অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও তদারকির লক্ষ্যে এ তালিকা সংগ্রহ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে নির্ধারিত ছক অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২০টি অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অঞ্চলভিত্তিক তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গত ১৭ নভেম্বরের একটি পত্রের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ত্বরান্বিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দুই সিটি করপোরেশনের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে।
অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদের তথ্যও চেয়েছে মাউশি
এর আগে ২০১৮ সালের বিধি অনুযায়ী জাতীয়করণ করা সব সরকারি কলেজ ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কর্মরত বা শূন্য পদের তথ্য চেয়েছিল মাউশি।
গত ১৬ নভেম্বর মাউশির উপপরিচালক মো. শওকত হোসেন মোল্লার সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন ২০১৮ সালের বিধি অনুযায়ী জাতীয়করণ করা সব সরকারি কলেজ ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কর্মরত এবং শূন্য পদের তথ্য প্রয়োজন।
এ অবস্থায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত অনলাইন ফরমে প্রবেশ করে হালনাগাদ তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ জন্য ১৮ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল মাউশি।
এমজে