দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বুধবার (২৫ নভেম্বর) সকালে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় যান গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই)। এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গভবনের একটি মতবিনিময় সভায় যোগ দিতে বাসা থেকে বের হচ্ছিলেন মাহমুদুর রহমান।
এসআই জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সেই পরোয়ানা তামিল করতেই তিনি মাহমুদুর রহমানের বাসায় গিয়েছিলেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এসব তথ্য জানা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া মামলাটি ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় দায়ের করা হয়। মামলার বাদী নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। এ মামলায় মাহমুদুর রহমান ছাড়াও আসামি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমকে। মওদুদ আহমদ ২০২১ সালের ১৬ মার্চ মারা যান।
মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৫ ধারায় মানহানির অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ১২৩(ক) ও ১২৪(ক) ধারাও উল্লেখ করা হয়েছে।
মামলাটির কার্যক্রম হাইকোর্টের একটি বেঞ্চ স্থগিত করেছেন বলে জানা গেছে। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতের এক আদেশেও বিষয়টি উল্লেখ করা হয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২৭ জানুয়ারি।
এদিকে স্থগিত থাকা ওই মামলার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে মাহমুদুর রহমানের বাসায় হাজির হয় পুলিশ। পরোয়ানার নম্বর আর-১৬/২৬। এটি জারি করা হয়েছিল ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর।
২০১০ সাল থেকে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতারা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শতাধিক মামলা করেন। এসব মামলায় রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা, গাড়িতে অগ্নিসংযোগ, তথ্যপ্রযুক্তি আইনে অপরাধ, আদালত অবমাননা ও মানহানিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। একাধিক মামলায় আদালতের রায়ও হয়েছে। সাজাও ভোগ করতে হয়েছে তাকে। এ ছাড়া বিচার ছাড়াই দুই দফায় দীর্ঘ সময় জেল খেটেছেন তিনি।
সবশেষ ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনার ছেলেকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা একটি মামলায় আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয় মাহমুদুর রহমানকে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর ২৮ মাসে অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার দায়িত্ব পালন করেছে। এ সময়ে রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী। তবে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকাটির সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখনও চলমান রয়েছে। এসব মামলায় নির্ধারিত তারিখে আদালতে হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হচ্ছে।
কে