দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে ভয়–ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দেওয়া এবং শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক স্বাধীনতা নস্যাতের চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় বিদেশি কূটনীতিকদের কাছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নিরাপত্তা চ্যালেঞ্জ তুলে ধরতে গিয়ে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সকাল ৯টা থেকে প্রায় আধা ঘন্টার ওই ব্রিফিংয়ে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,চীন, রাশিয়া, জাপান, ভারতসহ ঢাকায় বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক এবং জাতিসংঘসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা মিলিয়ে ৫০টির বেশি মিশনের প্রতিনিধিরা।
রাজধানীতে কূটনীতিকদের নিয়ে আয়োজিত এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে সহিংসতা ও নাশকতায় জড়িত। এর মাধ্যমে তাঁরা দেশের অর্থনৈতিক সম্ভাবনাকেও ক্ষতিগ্রস্ত করতে চাইছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন কূটনীতিক জানিয়েছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের এই পর্বে বাংলাদেশের পাশে থাকতে এবং গঠনমূলকভাবে সম্পৃক্ত হতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি তিনি অনুরোধ জানান।
হুমায়ুন কবির বলেন, ‘আমাদের আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের বোঝাপড়া এবং গঠনমূলক সম্পৃক্ততাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই । শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণতান্ত্রিক উত্তরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের কার্যক্রম এগিয়ে নিতে আমরা আপনাদের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করি।’
কূটনীতিকদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তারা (আওয়ামী লীগ) মানুষের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করতে চাইছে । রাজনৈতিক বিশৃঙ্খলার ধারণা তৈরি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দিচ্ছে।’
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিদেশে সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন তিনি । তাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, এসব ঘটনা যাতে দেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দৃঢ়, পেশাদার ও আনুপাতিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব ঘটনায় তদন্ত চলছে এবং দায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে।
একই সঙ্গে আইনের যথাযথ প্রক্রিয়া, মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

তিন সপ্তাহের দেড়শর বেশি সহিংসতার বিবরণ
ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, গত ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশের ৪১টি প্রশাসনিক এলাকায় ১৫৮টি ঘটনার তথ্য সরকারের কাছে রয়েছে। এসব ঘটনার মধ্যে রয়েছে ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, পুলিশের স্থাপনায় হামলা এবং গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ।
তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। দলটির নিবন্ধনও স্থগিত রয়েছে। তা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে দলটির নেতা-কর্মীরা মিছিল, অবরোধ, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করছেন।
নির্দিষ্ট কয়েকটি ঘটনার উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের একটি থানায় হামলা চালানো হয়। হামলাকারীরা পুলিশের গাড়ি ও থানার ভবনে আগুন দেন, অস্ত্র ও গোলাবারুদ লুট করেন এবং হেফাজতে থাকা আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্যও গুরুতর আহত হন।
তিনি জানান, ১৯ নভেম্বর মুকসুদপুরে আরেকটি থানায় হামলা হয়। এ সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত করা হয়।
এ ছাড়া নির্বাচিত সংসদ সদস্যদের বাসভবন, বিএনপির কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা ও ভাঙচুরের কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজার কাছেও ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
চট্টগ্রামে পুলিশের ওপর হামলা, ঢাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ, সিলেটে পুলিশের গাড়িতে হামলা এবং নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে হামলার তথ্যও তুলে ধরেন হুমায়ুন কবির।
তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনেও আওয়ামী লীগ ও দলটির নেতা-কর্মীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, অর্থনীতিকে বাধাগ্রস্ত করা এবং শ্রমিকদের দুর্ভোগ বাড়ানোই এর উদ্দেশ্য।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কূটনীতিকদের জানিয়েছেন, এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৩৯টি মামলা করেছে এবং ৬৬ জনকে গ্রেপ্তার করেছে।
বিদ্যমান পরিস্থিতির উত্তরণে সরকারের পরিকল্পনার প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং অর্থনীতি পুনরুজ্জীবিত করাকে সরকার অগ্রাধিকার দিয়েছে। এ লক্ষ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ আকৃষ্ট করা ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনাগুলো বাংলাদেশের মানুষের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। এ দেশের মানুষ শান্তি, স্থিতিশীলতা, গণতান্ত্রিক স্বাধীনতা, অর্থনৈতিক সুযোগ এবং উন্নত ভবিষ্যৎ চায়।
পশ্চিমা কয়েকটি দেশের কূটনীতিকেরা জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিফ করার পর কূটনীতিকদের মধ্যে কোরের ডীন এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বক্তব্য রেখেছেন। তিনি বাংলাদেশের বিদ্যমান সংকট উত্তরণ এবং অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার ওপর জোর দিয়েছেন।
এমজে