দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেসামরিক সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রায় দুই মাস পর এবার সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন ও ভাতা নির্ধারণ করেছে সরকার।
নতুন কাঠামোতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী-এই তিন বাহিনীপ্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। আর সৈনিকদের মূল বেতন হবে ২১ হাজার ৪০০ টাকা।
‘জাতীয় বেতন স্কেল ২০২৬’-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ৮৪ পৃষ্ঠার এই পৃথক বেতন ও ভাতা নির্দেশাবলি গত ১৫ নভেম্বর জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বেসামরিক সরকারি চাকরিজীবীদের মতো সামরিক বাহিনীর সদস্যদের নতুন মূল বেতনও ধাপে ধাপে কার্যকর হবে, যা ২০২৬ সালের ১ জুলাই থেকে ধরা হয়েছে।
প্রথম ধাপ (প্রথম ৬ মাস): বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং সার্জেন্ট থেকে নিচের পদ ও ক্যাডেটরা ৫০ শতাংশ পাবেন।
দ্বিতীয় ধাপ (পরবর্তী ৬ মাস): বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত আরও ৩০ শতাংশ এবং সার্জেন্ট থেকে নিচের পদ ও ক্যাডেটরা ২৫ শতাংশ পাবেন।
পূর্ণ বেতন: ২০২৭ সালের ১ জুলাই থেকে সবাই পূর্ণ বেতন পাবেন।
বর্ধিত ভাতা: নতুন হারের ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। এর আগ পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনে প্রচলিত হারেই ভাতা প্রদান করা হবে।
পদমর্যাদা অনুযায়ী নতুন মূল বেতন
নির্দেশনায় বাহিনীপ্রধান থেকে শুরু করে কমিশন্ড অফিসার, জেসিও, সৈনিক, রিক্রুট ও ক্যাডেটদের জন্য আলাদা বেতনসীমা নির্ধারণ করা হয়েছে। নৌ ও বিমানবাহিনীর সমমর্যাদার সদস্যদের ক্ষেত্রেও একই কাঠামো প্রযোজ্য হবে।
বাহিনীপ্রধান (তিন বাহিনী): ১ লাখ ৭২ হাজার টাকা
লেফটেন্যান্ট জেনারেল / ভাইস অ্যাডমিরাল / এয়ার মার্শাল: ১ লাখ ৬৪ হাজার টাকা
মেজর জেনারেল / রিয়ার অ্যাডমিরাল / এয়ার ভাইস মার্শাল: ১ লাখ ৫৬ হাজার টাকা
ব্রিগেডিয়ার জেনারেল (১৭তম বছরে): ১ লাখ ৩২ হাজার ৩০০ টাকা
কর্নেল (১৭তম বছরে): ১ লাখ ২৫ হাজার ৩০০ টাকা
লেফটেন্যান্ট কর্নেল (১৭তম বছরে): ১ লাখ ২২ হাজার টাকা
মেজর (১৭তম বছরে): ১ লাখ ১৭ হাজার ৭০০ টাকা
ক্যাপ্টেন (প্রথম বছরে): ৫৮ হাজার টাকা
লেফটেন্যান্ট (প্রথম বছরে): ৪৮ হাজার ৩০০ টাকা
সেকেন্ড লেফটেন্যান্ট (প্রথম বছরে): ৪৬ হাজার ২০০ টাকা
সৈনিক: ২১ হাজার ৪০০ টাকা
এ ছাড়া সেনাবাহিনীর মেডিকেল, ডেন্টাল, প্রকৌশল, সিগন্যালস ও ইএমই কোরের কর্মকর্তাদের জন্যও আলাদা নির্দেশনা রাখা হয়েছে।
মূল বেতনের পাশাপাশি কমান্ড, স্টাফ, চার্জ ও শিক্ষকতা ভাতার হারও বাড়ানো হয়েছে। বাহিনীপ্রধানের জন্য এ ভাতা মাসে ৩ হাজার ৭৫০ টাকা। লেফটেন্যান্ট জেনারেল ও সমমর্যাদার কর্মকর্তারা ২ হাজার ৮৬০ টাকা, মেজর জেনারেল ২ হাজার ৪২১ টাকা, ব্রিগেডিয়ার জেনারেল ২ হাজার ২০০ টাকা, কর্নেল ১ হাজার ৯৮২ টাকা, লেফটেন্যান্ট কর্নেল ১ হাজার ৭৬৪ টাকা, মেজর ১ হাজার ৩৩০ টাকা এবং ক্যাপ্টেন ও তদনিম্ন পর্যায়ে ৮৮০ টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি যোগ্যতা ভাতা বাড়িয়ে মাসে ৫৫৪ থেকে ৮৮০ টাকা পর্যন্ত করা হয়েছে।
উড্ডয়ন, বিশেষজ্ঞ ও অন্যান্য ঝুঁকি ভাতা
উড্ডয়ন ভাতা: সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ও ওপরের পদের পাইলট-ক্রু, নৌবাহিনীর কমান্ডার ও ওপরের কর্মকর্তা এবং বিমানবাহিনীর এয়ার কমোডর ও ওপরের কর্মকর্তারা মাসে ১২ হাজার টাকা উড্ডয়ন ভাতা পাবেন। এর নিচের নির্দিষ্ট পদগুলোর জন্য এ ভাতা ১০ হাজার টাকা এবং বিমানবাহিনীর গ্রাউন্ড প্রশিক্ষকদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশেষজ্ঞ ভাতা
চিকিৎসক কর্মকর্তাদের ক্ষেত্রে মেজর জেনারেল ও তার ওপরের পর্যায়ে ২ হাজার ৮৩০ টাকা, ব্রিগেডিয়ার জেনারেল ২ হাজার ২০০ টাকা, কর্নেল ১ হাজার ৯৮২ টাকা, লেফটেন্যান্ট কর্নেল ১ হাজার ৭৬৪ টাকা এবং মেজর পর্যায়ে ১ হাজার ৩৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যান্য ভাতা
সাবমেরিন ভাতা ৩ হাজার থেকে বাড়িয়ে ৪ হাজার ৫০০ টাকা করা হয়েছে। প্যারাসুট ও স্কুবা ডাইভিং ভাতা ৬৬৪ টাকা থেকে বাড়িয়ে ৭১৫ টাকা এবং স্নাইপার ভাতা ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭১৫ টাকা করা হয়েছে। প্রতিরক্ষা সার্ভিস ভাতা জেনারেল পর্যায়ে ৭ হাজার ২০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্ট পর্যায়ে ৬ হাজার ৬৯০ টাকা করা হয়েছে। এ ছাড়া কিট ভাতা ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ১ হাজার ২০০ টাকা, ডিস্টার্ব্যান্স ভাতা ২ হাজার ২০০ টাকা এবং দৈনিক ঝুঁকি ভাতা ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
যুক্ত হওয়া নতুন চারটি ভাতা
নতুন বেতন কাঠামোতে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য চারটি নতুন ভাতা যুক্ত করা হয়েছে— ১. মোবাইল ভাতা: মেজর ও তার ওপরের কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও নিচের পদের চাকরিজীবীরা ১৫০ টাকা পাবেন। ২. প্রতিবন্ধী সন্তানের ভাতা: মাসে ৩ হাজার টাকা করে সর্বোচ্চ দুই সন্তানের জন্য এই ভাতা পাওয়া যাবে। ৩. হাওর-দ্বীপ-চর ভাতা: মূল বেতনের ২০ শতাংশ (সর্বোচ্চ ৫ হাজার টাকা)। ৪. তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা: রাডার ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরতদের মাসে ২ হাজার টাকা করে দেওয়া হবে।
এমজে