দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ও ভারতের মধ্যে পরিকল্পিত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দিনের এ বৈঠক হওয়ার কথা থাকলেও দুই দেশের সময়সূচির সমন্বয় না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গত সপ্তাহে কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারত ঢাকার বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায়। পরে দুই পক্ষের সম্মতিতে সংলাপ স্থগিতের সিদ্ধান্ত হয়।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মুখপাত্র বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কনস্যুলার সংলাপটি অক্টোবরের শেষ দিকে ঢাকায় হওয়ার কথা ছিল। তবে দুই দেশের আলোচনার মাধ্যমে তা পিছিয়ে দেওয়া হয়। বাংলাদেশের জন্য সুবিধাজনক সময় বিবেচনায় চলতি মাসের শেষ দিকে বৈঠকের নতুন তারিখ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশ ও ভারতের পরবর্তী কনস্যুলার সংলাপ পারস্পরিক সুবিধাজনক একটি তারিখে অনুষ্ঠিত হবে। এতে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় আসবে। বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে সব বিষয় নিয়ে আলোচনায় বসতে ভারত প্রস্তুত রয়েছে।
এদিকে সংলাপ স্থগিতের খবর এমন সময়ে সামনে এসেছে, যখন ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে। নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে প্রয়োজনীয় তথ্য চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তার পক্ষে আইনজীবীদের আবেদন ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। শেখ হাসিনা ডিসেম্বরেই দেশে ফিরবেন কি না, কিংবা তার আবেদনের বিষয়ে বাংলাদেশ সরকার কী সিদ্ধান্ত নেয়, তা নিয়েও কৌতূহল রয়েছে বিভিন্ন মহলে।
তবে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, শেখ হাসিনার আবেদন সামনে আসার আগেই কনস্যুলার সংলাপ স্থগিতের সিদ্ধান্ত হয়েছিল। ফলে এ ঘটনাকে সরাসরি ওই আবেদনের সঙ্গে যুক্ত করার সুযোগ নেই। তারপরও দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে বৈঠক পিছিয়ে যাওয়ায় নতুন করে নানা প্রশ্ন উঠেছে।
কনস্যুলার সংলাপ সামনে রেখে গত ৩ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পুশইনের অপচেষ্টা বন্ধ, শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনায় তোলার বিষয়ে মত দেওয়া হয়।
২০১৭ সালে শুরু হওয়ার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে এ পর্যন্ত চার দফা কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ সংলাপ হয়।
সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেছেন, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে যে গতি তৈরি হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরা-সংক্রান্ত ঘটনাপ্রবাহ তাতে কিছুটা স্থবিরতা এনেছে।
যে আই