দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অধিবেশন শুরুর পরপরই উত্তপ্ত হয়ে ওঠে ত্রয়োদশ জাতীয় সংসদ। চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে আলোচনার কেন্দ্রে আসে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা। এ নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মধ্যে শুরুতেই দেখা যায় বাক্যবিনিময়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনের কার্যসূচি অনুযায়ী, শুরুতে প্রশ্নোত্তর পর্বের ঘোষণা দেন স্পিকার। এ সময় ফ্লোর চেয়ে দাঁড়ান নাহিদ ইসলাম। তবে স্পিকার তাকে বসার অনুরোধ জানিয়ে প্রশ্নোত্তর পর্ব শেষে কথা বলার সুযোগ দেওয়ার কথা বলেন।
এ সময়ও দাঁড়িয়ে থেকে নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার বিষয়টি সংসদে উত্থাপনের অনুরোধ জানান নাহিদ। জবাবে স্পিকার বলেন, বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট। তিনি অধিবেশনে এলে বিষয়টি উত্থাপন করা যেতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী এর জবাব দেবেন। তবে নাহিদ ইসলাম বলেন, সরকারের কাছ থেকে তিনি কোনো উত্তর আশা করেন না।
পরে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে নাহিদ ইসলাম বলেন, ঘটনার পরপরই কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেছেন, সেখানে পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি। অথচ ঘটনাস্থলে কোনো ফরেনসিক দলই যায়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, দেশে একের পর এক হামলার ঘটনা ঘটছে, ককটেল বিস্ফোরণ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও এমন ঘটনা ঘটছে। সংসদ সদস্যের বাড়িতে হামলা হচ্ছে। চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপরও হামলা হচ্ছে। এরপরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট হবেন ওনারা (বিএনপি)। আমাদের পরিবার আক্রান্ত হলে ফ্যাসিবাদী শক্তির হাতে তাদের পরিবারও আক্রান্ত হবে। তারা এতটাই নৃশংস।’
এ সময় ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিষয়ে বর্তমান সরকারের আপসকামী মনোভাব রয়েছে বলেও অভিযোগ করেন বিরোধীদলীয় চিফ হুইপ।
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
এমজে