দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তুরস্কের আনাতোলিয়ায় চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ ছাড় এবং পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কপ-৩১ সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্যে এসব আহ্বান জানান তিনি।
বক্তব্যের শুরুতে সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকার এবং আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম।
তারেক রহমান বলেন, এসব চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সবার আগে বাংলাদেশ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা একসঙ্গে এগিয়ে নিতে হবে। শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা জরুরি।
বাংলাদেশে পরিবেশবান্ধব শিল্পায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিট শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার সবুজ শিল্পায়নে গুরুত্ব দিচ্ছে। দেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা এবং পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজও চলছে।
প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া পদ্মা ও তিস্তা ব্যারাজের মহাপরিকল্পনার পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হচ্ছে। এর লক্ষ্য পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো। উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগও নেওয়া হয়েছে।
জলবায়ু অর্থায়নের সীমাবদ্ধতা তুলে ধরে তারেক রহমান বলেন, বর্তমান বৈশ্বিক অর্থায়নব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনা করছে না। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করছে। এর সঙ্গে বাড়তি ঋণ পরিশোধের বোঝা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।
তিনি বলেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর আরও ঋণ নয়, অনুদান প্রয়োজন। পাশাপাশি নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সমর্থন নিশ্চিত করতে হবে।
এ সময় সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব ও নিজ নিজ সক্ষমতার নীতির আলোকে পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ দেশগুলোর অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন খাতে বরাদ্দ করা; জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু-সহনশীল ঋণ ধারা ও ঋণের বিনিময়ে জলবায়ু সুরক্ষা কর্মসূচিসহ জরুরি ঋণ-সহায়তা চালু করা; পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা; সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য কপ-৩১ সম্মেলনে বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম গ্রহণ করা।
প্রধানমন্ত্রী আরও বলেন, জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো জরুরি।
বক্তব্যের শেষে তারেক রহমান বলেন, বাংলাদেশ একটি সফল কপ-৩১ সম্মেলন প্রত্যাশা করে। সম্মেলন থেকে বিশেষ করে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পাশাপাশি বৈশ্বিক সংহতি জোরদার করে টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
যে আই