দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে গত ৫ বছরে নিরাপত্তা বাহিনীর ৮ সদস্যসহ ৩১৬ জন নিহত হয়েছে। এসব আক্রমণে আহত হয়েছে ৪৮৫ জন। নিরাপত্তা বাহিনীসহ পাহাড়ি-বাঙালির ওপর এ সময়ে ৩৭২টি হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বিএনপি দলীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত (সংসদ কার্যে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, গত ৫ বছরে পার্বত্য অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীর ওপর সশস্ত্র গোষ্ঠী ১৯৪টি হামলা করেছে। এই গোষ্ঠী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর হামলা করেছে ৮১টি। একই সময়ে সেখানে অপহরণের ঘটনা ঘটেছে ২৯৭টি, জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে ৪৭১টি, অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে ৩৭৭টি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৫ বছরে পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের ঘটনা ঘটেছে ৯৭টি। বেসামরিক নাগরিক নিহত হয়েছে ৩০৮ জন, আহত হয়েছেন ৪৩৫ জন। নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে ৮ জন ও আহত হয়েছে ৫৫ জন।
পার্বত্য তিন জেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, অবৈধ সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমন এবং সকল সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বহুমাত্রিক আইনগত, প্রশাসনিক ও নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান মন্ত্রী।
তিনি জানান, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সশস্ত্র তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। সেনবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরসির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।
পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।
মন্ত্রী বলেন, পাহাড়ে চাঁদাবাজি বন্ধে চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি এবং মোবাইল ব্যাংকিং ও আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি যোদ্ধার করা হয়েছে। সীমান্ত পথে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবি সীমান্ত চৌকিগুলোর সক্ষমতা বাড়ানো হয়েছে। ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন দুর্গম এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এমজে