দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) নিয়ে কোনো আইনি জটিলতা দেখছে না সরকার। তিনি নিজেই বাংলাদেশে ফিরতে আগ্রহী হলে প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইনি বাধার প্রশ্ন থাকার কথা নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহেদ উর রহমান।
ডা. জাহেদ উর রহমান বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে, এটি সংবিধানেই বলা আছে। একজন দণ্ডিত আসামিকে প্রত্যর্পণ করবো, ভারত সরকারকে এটি করতে দিতে হবে। এই মুহুর্তে ভারত সরকারের কোনো সমস্যা থাকার কথা নয়, কারণ যাকে প্রত্যর্পণ করার কথা তিনিই আসতে চান। সুতরাং এখন আর কোনো আইনগত ইস্যু আছে বলে মনে করি না।
তিনি বলেন, ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি আছে। ফরমাল চ্যানেলে একাধিকবার তাকে ফেরত চাওয়া হয়েছে। শেখ হাসিনার বিচার কীভাবে হবে, সেটি সরকারের কাছে ম্যাটার করে। তিনি মারাত্মক অপরাধে দণ্ডিত আসামি, তার জেলে যাওয়ার কথা। তাকে যে প্রসেসে পাওয়ার কথা, সে প্রসেসেই পেতে চাই।
এলপিজির দাম বৃদ্ধি নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, যে দাম ঠিক করা হয়েছে, সেই দামে বিক্রি হওয়া উচিৎ। বাজার মনিটরিং আছে। তবুও নির্ধারিত দামে পাওয়া না গেলে সেই বিষয়ে সরকারকে আরেকটু সতর্ক হতে হবে।
তিনি বলেন, যারা ককটেল ফাটাতে গেছে তাদের অনেকেই হাতেনাতে ধরা পড়েছে। তাদের বিচারের আওতায় আনা গেলে এই প্রবণতা কমে আসবে। জনগণের একদম ভয় পাওয়া উচিৎ হবে না, কোনো কিছু হয়নি; এটা সরকারের দিক থেকে বলা ঠিক হবে না। যখন সরকার নিরাপত্তার দায়িত্বে থাকে, তখন একটি মৃত্যু হলেও সেখানে সরকারের কিছুটা হলেও ব্যর্থতা আছে বলে যে কেউ মনে করতে পারে। সেটা স্বীকার করে নিয়েই সরকার বলতে চায়, খুব দ্রুত এসব নিয়ন্ত্রণে চলে আসবে।
এমজে