দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার আইনগত ভিত্তি কী এবং আবেদন করার অধিকার রয়েছে কি না এসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমিও শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এই সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।
তিনি জানান, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি। আমি শুনেছি এবং সংবাদমাধ্যমের স্ক্রলে দেখেছি। তবে, বিষয়টির সত্যতা এখনো নিশ্চিত হতে পারিনি।
মন্ত্রী বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। আবেদন যথাযথভাবে করা হয়েছে কি না, আদৌ আবেদন করা হয়েছে কি না, এর আইনগত ভিত্তি কী এবং আবেদন করার অধিকার রয়েছে কি না এসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে।
এক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইনসহ সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান বিবেচনায় নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় বিস্তারিত জানাবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন, সেই দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফেরত পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে।
সম্প্রতি ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে এ আবেদন সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে এটিই তার এ ধরনের প্রথম আনুষ্ঠানিক আবেদন বলে জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার আইনজীবীরা তার বাংলাদেশি নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়েছেন। তাদের দাবি, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরতে চান।
তবে, গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া, গত ৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেবে।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।
কে