দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর দেশগুলোর আর্থসামাজিক রূপান্তর প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে কমনওয়েলথের উন্নত দেশগুলোকে আন্তঃকমনওয়েলথ বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়ার সেন্ট জনসে অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে নির্বাহী অধিবেশনে এসব কথা বলেন তিনি।
বুধবার (০৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে বক্তব্যে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা ও বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন।
পাশাপাশি আন্তঃকমনওয়েলথ বাণিজ্যের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে জোটভুক্ত দেশগুলোর আরও সমন্বিত উদ্যোগের কথাও জানান তিনি।
তিনি বলেন, এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে সৃষ্ট আর্থসামাজিক পরিবর্তন যেন মসৃণভাবে সম্পন্ন হয় সেজন্য কমনওয়েলথের উন্নত দেশগুলোকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণকারী দেশগুলোর জন্য আন্তঃকমনওয়েলথ বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখতে হবে।
অ্যান্টিগুয়ার আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ার কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত এ অধিবেশনে কমনওয়েলথের ৫৬টি সদস্য রাষ্ট্রের সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিনিধিদলের প্রধানরা অংশ নেন।
এ অধিবেশনে কমনওয়েলথ নেতারা সদস্য দেশগুলোর মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা আরও গভীর করার প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে আন্তঃকমনওয়েলথ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বেসরকারি খাতে অর্থায়ন, আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক ব্যবস্থার পাশাপাশি বাণিজ্য ব্যবস্থায় অধিকতর সমন্বয় প্রতিষ্ঠা, জলবায়ু অর্থায়নে অংশীদারত্ব জোরদার এবং তরুণদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে সহায়তা।
১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত হচ্ছে ২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন। এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতে হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে।
কে