দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে চলমান শ্রমিক আন্দোলন ও অসন্তোষের জেরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করা হয়েছে। একইসঙ্গে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাদের জরুরি বৈঠকের জন্য ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এর আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শ্রমমন্ত্রী বলেন, শ্রম আইন অনুযায়ী নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমানসহ ছয় সদস্যবিশিষ্ট নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। আজ থেকেই এ বোর্ড কার্যকর হচ্ছে।
তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে এবং সেখানে আলোচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। আশা করি, শ্রমিকরা এখন রাজপথের আন্দোলন ছেড়ে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে কাজে যোগ দেবেন।
তিনি আরও বলেন, গত তিনদিন ধরে আমরা শ্রমিকদের এবং মালিকদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। এদিকে শুক্রবার-শনিবার বন্ধ থাকায় আমরা তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলেছি যে, রোববারেই আমার মজুরি বোর্ড ঘোষণা করবো। তারপরেও দেখা যাচ্ছে আমাদের শ্রমিক ভাইদেরকে দিয়ে একটা মহল সরকারকে অস্থিতিশীল করার জন্য, জনদুর্ভোগ সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে এসব করছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকেরা।
কেএম