দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনগণের সেবা নিশ্চিত করতে ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে শৈলকুপা উপজেলার সব কাঁচা রাস্তা পাকা করা হবে।
বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।
উপজেলার বিভিন্ন সমস্যা ও সংকট চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, শৈলকুপার কোথায় কী ধরনের দুর্বলতা রয়েছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, এলাকার স্কুল-কলেজগুলোতে খেলার মাঠের স্বল্পতা রয়েছে, বিষয়টি তাঁর জানা আছে। প্রয়োজনে ব্যক্তিগত তহবিল থেকে হলেও স্কুলগুলোর খেলার মাঠ তৈরি করে দেওয়া হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করতে হবে। এ বিষয়ে তিনি সব সময় তাঁদের পাশে থাকবেন।
চাকরি দেওয়ার নামে প্রতারণা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, চাকরি দেওয়ার নামে দলের কোনো নেতার জড়িত থাকার তথ্য পেলে ওই দিনই তাঁর সঙ্গে সম্পর্কের অবসান ঘটানো হবে।
নিজের দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, একজন সাধারণ ভ্যানচালকের কথাও তিনি মনোযোগ দিয়ে শোনেন। এলাকার জনপ্রতিনিধি বা মন্ত্রী ঘুষ খান না উল্লেখ করে তিনি শেকড়ের প্রতি নিজের গভীর দায়বদ্ধতার কথা তুলে ধরেন।
মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা ঘোষণা করা হয়েছে। দলের কোনো নেতার মাদক পরীক্ষায় ফল পজিটিভ এলে তাঁকেও ছাড় দেওয়া হবে না।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের কোনো নেতা রাজনীতি, সমাজ ও দেশের ক্ষতি করার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিন্দুমাত্র সময় লাগবে না।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশ, সাধারণ সম্পাদক সিহাব মল্লিক, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি ফিরোজ আহম্মেদ, কলেজ প্রতিনিধি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষক প্রতিনিধি মনিরুল ইসলামসহ অন্যরা।
এমএম/