দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, প্রতিভা বিকাশ, কর্মসংস্থান, প্রশিক্ষণ, চিকিৎসাসেবা এবং আইনি সহায়তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার—এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আইটি প্রশিক্ষণের ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ, গণপরিবহন ও ভবনে প্রবেশগম্যতা নিশ্চিতের মত বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে তাদের প্রতিনিধিত্বের বিষয়টিও বিবেচনা করা হবে।
চাকরিতে প্রবেশের বয়সসীমা শিথিল করার দাবি জানানো হলে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, প্রতিবন্ধীবান্ধব ও সহজলভ্য গণপরিবহন নিশ্চিত করার দাবির পরিপ্রেক্ষিতে অন্তত বড় শহরগুলোতে এ ধরনের পরিবহনব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, মতবিনিময় অনুষ্ঠানে সবচেয়ে বেশি দাবি এসেছে প্রশিক্ষণ নিয়ে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের উপযোগী ও কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেবেন তিনি।
তিনি আরও বলেন, সরকার গঠনের পর বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ভাতার পরিমাণ কিছুটা বাড়ানো হয়েছে। সরকারের আর্থিক সক্ষমতার ওপর নির্ভর করে ভবিষ্যতে এ ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে মো. মহসিন নামের একজন বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদ প্রধানমন্ত্রীর জন্য একটি ক্যাপ নিয়ে এসেছেন বলে জানানো হলে তিনি মঞ্চ থেকে নেমে এসে সেটি গ্রহণ করেন। এ সময় বিদেশে খেলাধুলায় অংশগ্রহণের ক্ষেত্রে মহসিনের দলকে সহযোগিতা করার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠান শেষে উপস্থিত বক্তাদের অনুরোধে তাদের সঙ্গে গ্রুপ ছবিতে অংশ নেন প্রধানমন্ত্রী।
কেএম