দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সরকারের বিভিন্ন দায়িত্ব রয়েছে। তবে এসব বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই।
বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রামের সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ অপরাধ দমন করতে গেলে মাঝেমধ্যে আক্রমণের শিকার হয়। এটি নতুন কোনো বিষয় নয়। অপরাধীদের দমনে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে গেলে কেউ আসামিকে সহযোগিতা করলে, সে বিষয়ে তথ্য পাওয়া সাপেক্ষে তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নেতৃত্বে এটি পরিচালিত হবে। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ ও পরীক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে আন্তবিভাগীয় সহযোগিতা নিশ্চিত করা হবে। বিভাগগুলো একই মন্ত্রণালয়ের অধীন হওয়ায় এ ক্ষেত্রে সমন্বয়ের সুযোগ রয়েছে।
তিনি বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন পরিবর্তন হচ্ছে। ডিজিটাল দুনিয়ায় সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। এমনকি শেয়ারবাজারে কারসাজির ক্ষেত্রেও সাইবার স্পেস ব্যবহার করা হচ্ছে। এসব অপরাধ শনাক্ত ও দমনে ডিজিটাল ফরেনসিক ল্যাবের বিকল্প নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দক্ষিণ কোরিয়া সরকারের কাছে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে। সাইবার পুলিশ ইউনিটের নেতৃত্বে কেন্দ্রীয় পর্যায়ের পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও ডিজিটাল বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সিআইডির রাসায়নিক পরীক্ষাগার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সিআইডি কেমিক্যাল ল্যাবরেটরি পরিচালনা করছে। এসব পরীক্ষার মাধ্যমে ভিসেরা প্রতিবেদন তৈরি করা হয়। তবে অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এই ব্যবস্থার সম্প্রসারণও জরুরি।
তিনি আরও বলেন, বিচারিক কার্যক্রমে মানুষের বিচারপ্রাপ্তি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় বিশ্লেষণ, সাক্ষ্য-প্রমাণ ও সেগুলোর প্রত্যয়ন গুরুত্বপূর্ণ। আধুনিক অপরাধ মোকাবিলায় উন্নত সরঞ্জাম, লজিস্টিক সহায়তা এবং প্রয়োজনীয় সুবিধাসম্পন্ন পরীক্ষাগার স্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডির অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইন।
এমএস/