দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, সৌদি আরব চাইলে দেশটিতে সৈন্য পাঠাতেও প্রস্তুত বাংলাদেশ।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন দিগন্ত’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, খুব শিগগিরই সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সেমিনারে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ককে শুধু শ্রমবাজারকেন্দ্রিক না রেখে আরও বহুমুখী করার ওপর গুরুত্ব দেন বক্তারা। তারা বলেন, নিরাপত্তা, ওষুধশিল্প ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। সৌদি অর্থায়নে এলএনজি টার্মিনাল নির্মাণের বিষয়টিও দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে উঠে আসে।
বক্তারা আরও বলেন, সৌদি আরব বাংলাদেশের শ্রমবাজারের অন্যতম প্রধান গন্তব্য। দেশটিতে থাকা প্রায় ৪০ লাখ প্রবাসীর পাঠানো বৈদেশিক মুদ্রা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে শ্রমবাজারের বাইরেও বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
হুমায়ুন কবির বলেন, মক্কা চুক্তির বিষয়ে বাংলাদেশ ইতিবাচক। তবে মক্কা ও মদিনা আক্রান্ত হলে বাংলাদেশ কোনো আপস করবে না।
তিনি আরও বলেন, কোনো একটি দেশের ওপর নির্ভরশীল থাকার দিন শেষ। সবার সঙ্গে ন্যায্যতা ও সম্মানজনক সম্পর্ক বজায় রেখে এগিয়ে যেতে চায় বাংলাদেশ।
সেমিনারে সাবেক কূটনীতিক, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা অংশ নেন। তারা বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন সম্ভাবনা এবং শ্রমশক্তিকেন্দ্রিক সহযোগিতাকে কৌশলগত অংশীদারত্বে রূপ দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।
/অ