দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এলপিজির দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডা. জাহেদ বলেন, কোথাও জ্বালানি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। খুচরা বাজারে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে নজরদারি বাড়ানো ও আইনগত ব্যবস্থা নিতে সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯৮৪টি অভিযান পরিচালনা করেছে। তিনি আশা প্রকাশ করেন, এলপিজির সংকট কমে আসবে।
রেল যোগাযোগকে সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টি লোকোমোটিভ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
ভিজিএফ কার্ডের আওতা বাড়ানো হচ্ছে জানিয়ে ডা. জাহেদ বলেন, কার্ডধারীদের ২০ কেজি করে চাল দেওয়া হবে। দরিদ্র ও ঝুঁকিতে থাকা মানুষের জীবনযাপন কঠিন হয়ে যাচ্ছে। তাদের কিছুটা স্বস্তি দিতে কার্ডের আওতা ও সহায়তার পরিমাণ বাড়ানো হচ্ছে।
চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র ও জনগণের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো কোনো সিদ্ধান্ত কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর স্বার্থের বিপরীতে যেতে পারে। তবে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বস্ত করবে। জনগণের কথা বিবেচনা করেই সরকার যেকোনো সিদ্ধান্ত নিতে চায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে ডা. জাহেদ বলেন, প্রাথমিকভাবে হামলায় জড়িতদের ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। এর বাইরে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার খুবই আগ্রহী জানিয়ে তিনি বলেন, প্রকল্পের অর্থায়ন বাংলাদেশ, চীন নাকি অন্য কোনো দেশ করবে, সেটি ভিন্ন আলোচনা।
ব্যাটারিচালিত অটোরিকশার কিছু সুবিধা রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটি একেবারে নিয়ন্ত্রণহীনভাবেও চলতে পারে না। এ বিষয়ে সরকার নীতিমালা করছে।
এমএম/