দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং তা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চাঁদাবাজদের তালিকা সরকারের কাছে রয়েছে বলে তথ্য উপদেষ্টার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজদের তালিকা করা পুলিশের নিয়মিত কাজ। এসব তালিকায় সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের নামও থাকে। তালিকাগুলো নিয়মিত হালনাগাদ করা হয়।
তিনি বলেন, ‘নতুন করে তালিকা করা হয়েছে, এমন কিছু নয়। তবে নতুন করে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, সেটাই প্রশ্ন। আপনারা পত্রিকায় নিয়মিত দেখবেন, পুলিশ বিভাগে এসব অপরাধী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের গ্রেপ্তার করা হচ্ছে। এটা অব্যাহত আছে এবং আরও জোরদার করা হবে।’
রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল ও চাঁদাবাজির ঘটনায় ৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হচ্ছে না। ‘আমরা যে কোনো রাজনৈতিক পরিচয় নির্বিশেষে, অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করছি’, বলেন তিনি।
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারের দায় আছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দায়ভার তখন থাকে, যখন কোনো ঘটনার কোনো অ্যাকশন আমরা নিই না, তখন। পুলিশ যখন ব্যর্থ হয়, তখন। এখানে পুলিশের ব্যর্থতাও নাই, সরকারের ব্যর্থতাও নাই।’
মিরপুরের ঘটনায় একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়া গেছে। তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের কারও রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু সেটিকে আমলে নেওয়া হবে না। অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এমএম/