দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশের বাজারেও তার সুফল মিলবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে যশোর সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ থেকে গ্যাস খালাসে কিছুটা বিলম্ব হওয়ায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম ছিল। তবে শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে খালাস কার্যক্রম শুরু হয়েছে, যা দুপুরের মধ্যে স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। এছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও তার সুফল মিলবে।’
যশোরের স্বাস্থ্য বিভাগের চলমান কার্যক্রম তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যশোরবাসীকে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সেবা নিশ্চিত করা হবে। গুরুতর হৃদরোগীদের চিকিৎসার জন্য যাতে অন্য জেলায় যেতে না হয়, সেজন্য সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, ‘যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে আগের সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। বেশিরভাগ সিদ্ধান্তেই ভালো অগ্রগতি হয়েছে। বাকি কাজগুলোর জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রান্তিক জনগণ যাতে উন্নত চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করা হবে।’
সভায় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা প্রমুখ।
এমএম/