দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক শেষ হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের কয়েকটি শরিকসহ কয়েকটি দল এতে অংশ নেয়নি।
এর আগে বেলা আড়াইটায় বৈঠক শুরু হয়। জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানসহ গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এনডিএম, আমজনতার দল, ইসলামী ঐক্যজোট, ভাসানী জনশক্তি পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, জমিয়তে উলামায়ে ইসলাম, গণফোরাম ও গণসংহতি আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন।
অন্যদিকে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের কয়েকটি শরিক দল বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। সংবিধান সংশোধনের পরিবর্তে জুলাই জাতীয় সনদ ও গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ায় এসব দল বিশেষ কমিটির মতবিনিময়ে অংশ নেয়নি।
এর আগে গত ৪ আগস্ট বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়।
গত ১৩ জুলাই জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। শুরুতে ১৭ সদস্যের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলেও বিরোধী দল সদস্য মনোনয়ন না দেওয়ায় পাঁচটি পদ শূন্য রাখা হয়।
এমএম/