দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ পুলিশের বিভিন্ন উইং, ইউনিট ও পদমর্যাদা অনুযায়ী আলাদা আলাদা বিশেষ ভাতা এবং সাধারণ ভাতা সুনির্দিষ্ট করে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন এই পে-স্কেলে পুলিশের মাঠপর্যায়ের কাজের ঝুঁকি ও বিশেষায়িত দায়িত্ব বিবেচনা করে ভাতার পরিমাণ পুনর্নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসা, বাংলা নববর্ষ, বাড়িভাড়া, শিক্ষা সহায়ক, টিফিন, মোবাইল, যাতায়াতসহ বিভিন্ন খাতের এ ভাতার হারও নির্ধারণ করা হয়েছে। ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে তা কার্যকর হবে।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি গেজেটে ‘চাকরি (বাংলাদেশ পুলিশ) (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ এসব বিধান উল্লেখ করা হয়েছে।
বিশেষ ভাতা: আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএনে এএসপি (কোয়ার্টার মাস্টার ও অ্যাডজুট্যান্ট) মাসে ২৯৭ টাকা এবং এএসআই (সশস্ত্র) হাবিলদার মেজর ও কোয়ার্টার মাস্টার হিসেবে ৬৬ টাকা বিশেষ ভাতা পাবেন।
জেলা পুলিশের অতিরিক্ত এসপি (সার্কেলের দায়িত্বপ্রাপ্ত) মাসে ৩০৩ টাকা এবং এএসপি (সার্কেলের দায়িত্বপ্রাপ্ত) ২৯২ টাকা বিশেষ ভাতা পাবেন।
বিশেষ শাখা ও জেলা এসবিতে এএসপি ৩৯৬, পরিদর্শক ২৯৭, এসআই ও সার্জেন্ট ২৯৭, এএসআই ও এএসআই (সশস্ত্র) ৮৩, কনস্টেবল ৫০ এবং গার্ড কনস্টেবল ৫০ টাকা পাবেন।
মেট্রোপলিটন পুলিশ এলাউয়েন্স হিসেবে এসআই ও সার্জেন্ট, এএসআই ও এএসআই (সশস্ত্র) এবং নায়েক ও কনস্টেবল প্রত্যেকে মাসে ৬৬ টাকা করে পাবেন।
সিআইডি ও পিবিআইতে এএসপি ৩৯৬, পরিদর্শক ২৯৭, এসআই ২০৪, এএসআই ও এএসআই (সশস্ত্র) ৫০ এবং কনস্টেবল ৫০ টাকা বিশেষ ভাতা পাবেন।
প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এএসপি ৩৯৬, পরিদর্শক ২৯৭, এসআই ২০৪ এবং এএসআই ও এএসআই (সশস্ত্র) ৮৩ টাকা পাবেন। তবে এ ক্ষেত্রে শুধু অনুমোদিত ইন্সট্রাক্টর পদের বিপরীতে ভাতা প্রযোজ্য হবে।
এপিবিএনে এসপি ৯৯০, অতিরিক্ত এসপি ৭৯২ এবং এএসপি ৬০৫ টাকা বিশেষ ভাতা পাবেন।
অন্যান্য বিশেষ ভাতা: এপিবিএনে পরিদর্শক ২০৪ টাকা এবং এএসআই (সশস্ত্র) ৫০ টাকা অ্যাক্টিং এলাউয়েন্স পাবেন। তবে একজন এসআই পরিদর্শকের স্থলে এবং একজন এএসআই (সশস্ত্র) এসআইয়ের স্থলে ৩০ দিনের বেশি দায়িত্ব পালন করলে এ ভাতা প্রাপ্য হবেন।
স্পেশাল ব্রাঞ্চ ও জেলা এসবিতে নির্দিষ্ট বহিরাঙ্গন দায়িত্বে থাকা ঢাকা ও চট্টগ্রামের পরিদর্শক এবং এসআই ও সার্জেন্ট মাসে ২০৪ টাকা নিঃশর্ত যাতায়াত ভাতা পাবেন।
সিআইডি ও পিবিআইয়ের একই ধরনের দায়িত্বে থাকা পরিদর্শক এবং এসআই ও সার্জেন্টও ২০৪ টাকা পাবেন।
টেলিকম এলাউয়েন্স হিসেবে এএসপি ৪১৩, পরিদর্শক ২৯৭, এসআই ২০৪, এএসআই ও এএসআই (সশস্ত্র) ১২৭ এবং কনস্টেবল ১১০ টাকা পাবেন।
মাউন্টেড পুলিশে এএসআই (সশস্ত্র), নায়েক ও কনস্টেবল ৫০ টাকা করে পাবেন। পিবিএক্স এলাউয়েন্স হিসেবে এএসআই ৮৩ এবং কনস্টেবল ৫০ টাকা পাবেন।
এসআই ও সব ইউনিটের সার্জেন্টরা মাসে ২৩৭ টাকা মোটরসাইকেল ভাতা পাবেন। সশস্ত্র শাখার কনস্টেবল পাবেন ১৭ টাকা সশস্ত্র শাখা ভাতা।
কিট ভাতা: পুলিশের পোশাকধারী শাখায় কিট ভাতার হারও নির্ধারণ করা হয়েছে। এএসপি থেকে তদূর্ধ্ব কর্মকর্তারা প্রারম্ভিক হিসেবে ১১ হাজার ৭৮৭ টাকা এবং বার্ষিক নবায়নে ৭ হাজার ২৪৯ টাকা পাবেন।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক ছাড়া পুলিশ পরিদর্শকরা প্রারম্ভিক হিসেবে ৫ হাজার ৮৯১ এবং বার্ষিক নবায়নে ৪ হাজার ৮৩৫ টাকা পাবেন।
এসবি, ডিএসবি, সিআইডি ও ডিটিএসে এসআইয়ের প্রারম্ভিক কিট ভাতা ১ হাজার ৯৬৪ টাকা এবং বার্ষিক নবায়ন ভাতা ৯৯০ টাকা। এএসআই ও এএসআই (সশস্ত্র) এবং সব ইউনিটের কনস্টেবলদের প্রারম্ভিক ভাতা ১ হাজার ৩৮৬ এবং বার্ষিক নবায়ন ভাতা ৭৮৭ টাকা।
একজন কর্মকর্তা চাকরি জীবনে একবারই প্রারম্ভিক কিট ভাতা পাবেন। তবে পদোন্নতির কারণে উচ্চতর প্রারম্ভিক ভাতা প্রাপ্য হলে আগের ও নতুন হারের পার্থক্য পাবেন।
আরও যেসব ভাতা: সব ইউনিটের এসআই ও সার্জেন্ট থেকে কনস্টেবল পর্যন্ত সদস্যরা ধোলাই ও চুল কাটার জন্য মাসে ১০০ টাকা পাবেন। সব ড্রাইভার ৬৬ টাকা ড্রাইভিং এলাউয়েন্স, ক্লিনার কনস্টেবল ৩৩ টাকা ক্লিনার এলাউয়েন্স, আর্মরার কনস্টেবল ৩৩ টাকা আর্মরার এলাউয়েন্স এবং বিউগলার কনস্টেবল ১৭ টাকা বিউগলার এলাউয়েন্স পাবেন। নার্সিং কনস্টেবল পাবেন ৩৩ টাকা নার্সিং এলাউয়েন্স।
সিঙ্গেল রেশনপ্রাপ্ত সদস্যরা, এপিবিএন ছাড়া, জনপ্রতি মাসে ৫৬১ টাকা দৈনিক বা খোরাকী ভাতা পাবেন।
বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত কর্মচারীদের ট্রাফিক এলাউয়েন্স মাসে ৩ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ১ জুলাই ২০২৬ বা তার পর যোগদানকারীরা ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বিদ্যমান হারে সর্বোচ্চ ৩ হাজার ২৫০ টাকা পাবেন।
চিকিৎসা ভাতা ৩ থেকে ৬ হাজার টাকা: নতুন কাঠামোয় কর্মচারীরা ৫০ বছর বয়স পর্যন্ত মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছর ১ দিন বয়স থেকে পিআরএল শেষ হওয়া পর্যন্ত ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন।
অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রে বয়সভেদে চিকিৎসা ভাতা আরও বেশি। ৫০ বছর পর্যন্ত ৩ হাজার, ৫০ বছর ১ দিন থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার, ৬০ বছর ১ দিন থেকে ৭০ বছর পর্যন্ত ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সে মাসে ৬ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়া হবে।
বাংলা নববর্ষ ভাতা ১৫ শতাংশ: সব কর্মচারী আহরিত মূল বেতনের ১৫ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা পাবেন। মাসিক নিট পেনশনগ্রহণকারী অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীরাও নির্ধারিত নিয়মে এ ভাতা পাবেন।
কনস্টেবলদের বাড়িভাড়া: বিবাহিত কনস্টেবলদের জন্য ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন বাড়িভাড়া ভাতা কার্যকর হবে। সরকারি বাসস্থান বরাদ্দ না পাওয়া এবং ব্যারাকে না থাকা বিবাহিত কনস্টেবলদের ক্ষেত্রে গ্রেডভেদে ও এলাকাভেদে মূল বেতনের ৩৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে।
গ্রেড-২০-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১৬-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৬০ শতাংশ, নির্ধারিত অন্যান্য বড় শহর ও পৌর এলাকায় ৫০ শতাংশ এবং অন্যান্য স্থানে ৪৫ শতাংশ বাড়িভাড়া পাবেন।
গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত যথাক্রমে ৫০, ৪৫ ও ৪০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন। সরকারি বাসস্থান না পাওয়া কিন্তু ব্যারাকে থাকা বিবাহিত কনস্টেবলরা মূল বেতনের ৪০ শতাংশ এবং অবিবাহিত কনস্টেবলরা ২০ শতাংশ বাড়িভাড়া পাবেন।
অন্য পুলিশ সদস্যদের বাড়িভাড়া: কনস্টেবল ছাড়া অন্য কর্মচারীরা ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩০ জুন ২০২৬-এ প্রচলিত হারে বাড়িভাড়া পাবেন।
২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন হারে বাড়িভাড়া কার্যকর হবে। গ্রেড-২০ থেকে গ্রেড-১৫ পর্যন্ত ঢাকা এলাকায় ৬০, বড় শহর ও নির্ধারিত পৌর এলাকায় ৫০ এবং অন্যান্য এলাকায় ৪৫ শতাংশ হারে বাড়িভাড়া দেওয়া হবে।
গ্রেড-১৪ থেকে গ্রেড-১০ পর্যন্ত হার হবে যথাক্রমে ৫০, ৪০ ও ৩৫ শতাংশ। গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৪৫, ৩৫ ও ৩০ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব পর্যন্ত ৪০, ৩০ ও ২৫ শতাংশ হারে বাড়িভাড়া দেওয়া হবে।
সন্তান প্রতি মাসে ৫০০ টাকা এবং সর্বোচ্চ দুই সন্তানের জন্য ১ হাজার টাকা শিক্ষা সহায়ক ভাতা পাবেন কর্মচারীরা। বয়সের সনদ দাখিল সাপেক্ষে ২৩ বছর বয়স পর্যন্ত সন্তান এ ভাতার আওতায় থাকবে।
১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মাসে ৫০০ টাকা টিফিন ভাতা পাবেন। তবে প্রতিষ্ঠান থেকে লাঞ্চ ভাতা বা বিনামূল্যে দুপুরের খাবার পেলে টিফিন ভাতা পাওয়া যাবে না।
চলতি বা অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য মাসে ১ হাজার ৫০০ টাকা কার্যভার ভাতা দেওয়া হবে। ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীর কর্মস্থল সিটি করপোরেশন এলাকায় হলে মাসে ৬০০ টাকা যাতায়াত ভাতা পাবেন।
১ম থেকে ৫ম গ্রেডের কর্মচারীরা মাসে ৫০০ টাকা এবং ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ১৫০ টাকা মোবাইল ভাতা পাবেন।
পাহাড়, হাওড় ও চর এলাকায় অতিরিক্ত সুবিধা:
পার্বত্য জেলার সদর ও সদর উপজেলায় কর্মরতরা মূল বেতনের ২০ শতাংশ হারে সর্বোচ্চ ৫ হাজার টাকা পাহাড়ি ভাতা পাবেন। অন্যান্য উপজেলায় একই হারে সর্বোচ্চ ৫ হাজার ৫০০ টাকা পাবেন।
হাওড়, দ্বীপ ও চর এলাকায় কর্মরতরা মূল বেতনের ২০ শতাংশ হারে সর্বোচ্চ ৫ হাজার টাকা মাসিক ভাতা পাবেন।
প্রশিক্ষণ প্রতিষ্ঠানে শুধু প্রশিক্ষণ কাজে প্রেষণে থাকা ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মচারীরা মূল বেতনের ১০ শতাংশ হারে মাসিক প্রেষণ ভাতা পাবেন।
প্রতিবন্ধী হিসেবে নিবন্ধিত সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা হারে সর্বোচ্চ দুই সন্তানের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান ভাতা দেওয়া হবে।
অনলাইনে বেতন নির্ধারণ: নতুন বেতনস্কেল কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের অনলাইনে বেতন নির্ধারণ করতে হবে। এজন্য আইবাস++ ব্যবস্থার ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
গেজেটেড কর্মচারীরা আইবাস++ ব্যবস্থায় ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে এবং নন-গেজেটেড কর্মচারীরা জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে প্রবেশ করবেন। এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো ওটিপির মাধ্যমে সিস্টেমে প্রবেশ করতে হবে।
তথ্য জমা দেওয়ার পর ডিডিও তা হিসাবরক্ষণ অফিসে পাঠাবেন। হিসাবরক্ষণ অফিস অনলাইনে যাচাই করে অনুমোদন দিলে স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন নম্বর তৈরি হবে। এরপর ওই নির্ধারিত বেতনের ভিত্তিতেই বেতন পরিশোধ করা হবে।
নতুন আদেশে ২০১৫ সালের ‘চাকরি (বাংলাদেশ পুলিশ) (বেতন ও ভাতাদি) আদেশ’ রহিত করা হয়েছে। তবে আগের আদেশের যেসব ভাতা ও সুবিধা নতুন আদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সেগুলো বহাল থাকবে।
কে