দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এলএনজি সরবরাহ বাড়ায় জাতীয় গ্রিডে ফিরছে বাড়তি গ্যাস। এর বড় অংশই যাচ্ছে শিল্প খাতে। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে একাংশ দেয়া হচ্ছে বিদ্যুৎকেন্দ্রেও।
শিল্প উদ্যোক্তারা বলছেন, বর্তমানে কারখানাগুলোতে প্রায় ১৫ পিএসআই চাপের গ্যাস পাওয়া যাচ্ছে, যা আগে কখনো মেলেনি। এতে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি জুন, জুলাই ও আগস্ট, এই তিন মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধে এক বছর সময় চেয়েছেন তারা। অগ্নিকাণ্ডের পর বন্ধ হয়ে যাওয়া মহেশখালীর এলএনজি টার্মিনাল চালু হওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ।
টার্মিনাল বন্ধ থাকায় একপর্যায়ে দৈনিক সরবরাহ নেমে এসেছিল প্রায় ২২০ কোটি ঘনফুটে। টার্মিনাল চালুর পর তা বেড়ে দাঁড়ায় ২৩২ কোটি ঘনফুটে। এরপর আরও বাড়ানো হয়েছে সরবরাহ। গত মঙ্গলবার এলএনজি থেকে জাতীয় গ্রিডে এসেছে প্রায় ১০১ কোটি ঘনফুট গ্যাস। সব মিলিয়ে ওইদিন মোট সরবরাহ ছিল প্রায় ২৬৩ কোটি ঘনফুট। বাড়তি সরবরাহের বড় অংশই দেয়া হচ্ছে শিল্প খাতে।
প্রায় দুই ভাগ গ্যাস যাচ্ছে শিল্পে, আর এক ভাগের মতো দেওয়া হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। এর ফলে কারখানাগুলোতে গ্যাসের চাপ বেড়ে প্রায় ১৫ পিএসআই হয়েছে বলে জানান শিল্প উদ্যোক্তা ও সভাপতি বিকেএমইএ মোহাম্মদ হাতেম। তাদের দাবি, এর আগে এমন চাপ নিয়মিতভাবে পাওয়া যায়নি। গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতিতে সন্তুষ্ট উদ্যোক্তারা।
তবে সাম্প্রতিক সময়ে গ্যাস ও বিদ্যুতের ব্যয় পরিশোধের চাপ সামাল দিতে সরকারের কাছে বিশেষ সময় চেয়েছেন তারা। জুন, জুলাই ও আগস্ট, এই তিন মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধে এক বছর সময় দেয়ার দাবি তাদের। এলএনজি সরবরাহ বাড়ায় সামগ্রিকভাবে গ্যাস পরিস্থিতির উন্নতি হলেও শিল্পাঞ্চলভেদে সরবরাহে পার্থক্য রয়েছে।
উদ্যোক্তাদের প্রত্যাশা, চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিতের পাশাপাশি বিতরণ ব্যবস্থার সক্ষমতাও বাড়ানো হবে।
এমএস/