দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের দল বগুড়ার সাতটি আসনেই নিরঙ্কুশ জয় লাভ করেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে বগুড়ার মোট ভোটার ছিলেন ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। দিনের ভোটগ্রহণে ৬৯.১০ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছেন। এ ফলাফল সোমবার রাতের পর বগুড়ার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে।
বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৪৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো: শাহাবুদ্দিন ৫৭ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন। এ আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৪০ হাজার ২৪৯ এবং না ভোট ৬০ হাজার ৭০২।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মীর শাহে আলম। তিনি ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট। এখানে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৬৫ হাজার ৩৮ এবং না ভোট ৫১ হাজার ৭৯০।
বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনে বিএনপির আবদুল মহিত তালুকদার ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবু তাহের নূর মোহাম্মদ পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৬ ভোট। এই আসনে হ্যাঁ ভোট ১ লাখ ৫৩ হাজার ৭ এবং না ভোট ৬৭ হাজার ৬০৪।
বগুড়া-৪ (নন্দীগ্রাম ও কাহালু) আসনে বিএনপির মোশাররফ হোসেন ১ লাখ ৫৫ হাজার ৩৩৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোস্তফা ফয়সাল পারভেজ পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৭৮ ভোট। হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৭৫ হাজার ৬৪৩ এবং না ভোট ৬৪ হাজার ৯৮০।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মো. সিরাজ ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট। হ্যাঁ ভোট ২ লাখ ৪৬ হাজার ৪১৬ এবং না ভোট ১ লাখ ৫ হাজার ৬৪৩।
বগুড়া-৬ (সদর) আসনে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে ধানের শীষ প্রতীকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। হ্যাঁ ভোট পড়েছে ২ লাখ ১৫ হাজার ৫৭৯ এবং না ভোট ৮০ হাজার ২০৩।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ধানের শীষ প্রতীকের মোরশেদ মিলটন ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. গোলাম রাব্বানী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্যরা বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে বগুড়ার সব আসনে বিএনপি জয়ী হয়, যা প্রমাণিত হয়েছে। তারা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নিলে উত্তরাঞ্চলসহ সারাদেশে উন্নয়ন ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, সকাল ৭:৩০ মিনিট থেকে দেশের মোট ৪২ হাজার ৭৭৯ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪:৩০ পর্যন্ত চলে। একই দিনে গুরুত্বপূর্ণ গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
এমএস/