দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সকালটা কেমন যাচ্ছে, তার ওপর অনেকটাই নির্ভর করে পুরো দিনের ছন্দ। ঘুম থেকে উঠে এক কাপ কফি, অ্যালার্ম বন্ধ করে আরও কয়েক মিনিট ঘুম, কিংবা বিছানা ছাড়ার আগেই মুঠোফোনে চোখ—প্রতিদিনের এই ছোট ছোট অভ্যাসগুলো অনেকের কাছেই স্বাভাবিক। অথচ এর কিছু আপনার শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

একটি স্থির ও স্বাস্থ্যকর সকালের রুটিন দিনকে আরও উৎপাদনশীল করে তুলতে পারে। বিপরীতে, কিছু অভ্যাস সকালের সতেজতা নষ্ট করে দিনের শুরুতেই ক্লান্তি ও অস্বস্তি তৈরি করতে পারে। বিশেষ করে ঘরে বসে কাজের অভ্যাস বাড়ার পর অনেকের জীবনযাত্রায় ভারসাম্যহীনতা তৈরি হয়েছে।
ফোর্টিস এসকর্টস হাসপাতাল, ফরিদাবাদের প্রধান ক্লিনিক্যাল পুষ্টিবিদ কিরণ দালাল বলেন, ‘জীবনে স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে এবং এমন বিষাক্ত সকালের অভ্যাসগুলো বাদ দিতে হবে, যা স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।’
বিশেষজ্ঞের মতে, সকালের এই সাতটি অভ্যাস আপনার দিনের ছন্দ নষ্ট করতে পারে।
অ্যালার্ম বন্ধ করে আবার ঘুম
সকালে অ্যালার্ম বাজার পর আরও কয়েক মিনিট ঘুমানোর অভ্যাস অনেকেরই। কিন্তু অ্যালার্মের পর আবার ঘুমিয়ে পড়লে ঘুম থেকে উঠে আগের চেয়ে বেশি ভারী ও ক্লান্ত লাগতে পারে।

শরীর ও মন আরও অবসন্ন হয়ে পড়ে। তাই অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে ঘুম থেকে ওঠার অভ্যাস করার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘুম থেকে উঠেই কফি
চা, কফি ও কোকোর মতো উদ্ভিদে প্রাকৃতিকভাবে ক্যাফেইন থাকে। কোমল পানীয়সহ কোকো বা চকলেটযুক্ত কিছু পণ্যেও ক্যাফেইন থাকতে পারে।

অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ ঘুমের সমস্যা, উদ্বেগ ও মেজাজের পরিবর্তন ঘটাতে পারে। এ ছাড়া বেশি ক্যাফেইন গ্রহণ হৃদ্স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব এবং ক্যানসারের প্রকোপ বাড়ার সঙ্গে সম্পর্কিত।
সকালের নাশতা বাদ দেওয়া
ওজন কমানোর জন্য অনেকে সকালের নাশতা বাদ দেন। তবে এর ফলে পরে অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হতে পারে, যা স্থূলতার দিকে নিয়ে যেতে পারে এবং ডায়াবেটিস ও হৃদ্রোগের ঝুঁকি বাড়াতে পারে।

গবেষণায় দেখা গেছে, যারা সকালে খাবার খান, তারা সাধারণত বেশি ভিটামিন ও খনিজ গ্রহণ করেন এবং তুলনামূলকভাবে কম চর্বি ও কোলেস্টেরল গ্রহণ করেন। এর সঙ্গে তুলনামূলকভাবে কম ওজন, কম কোলেস্টেরল এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কম থাকার সম্পর্ক পাওয়া গেছে। তাই স্বাস্থ্যকর জীবনযাপনে সকালের নাশতাকে গুরুত্বপূর্ণ অভ্যাস হিসেবে বিবেচনা করা হয়।
শারীরিকভাবে নিষ্ক্রিয় থাকা
সারাক্ষণ বসে থাকা বা শারীরিকভাবে নিষ্ক্রিয় থাকা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। নিয়মিত শারীরিক কর্মকাণ্ড অস্বাস্থ্যকর ওজন বৃদ্ধি, স্থূলতা, হৃদ্রোগ, স্ট্রোক, কিছু ধরনের ক্যানসার, হাঁপানি, শ্বাসকষ্ট, অস্টিওপোরোসিস এবং মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্নতার মতো সমস্যার ঝুঁকি কমাতে পারে।
সুস্থ থাকতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক কর্মকাণ্ড করার পরামর্শ দেওয়া হয়েছে।
সকালে পানি না খাওয়া
পর্যাপ্ত পানি পান না করলে মাথাব্যথা, মাথা ঘোরা, চোখ বসে যাওয়া, রক্তচাপ কমে যাওয়া এবং হৃদ্স্পন্দন বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
পর্যাপ্ত পানি শরীরের ত্বক আর্দ্র রাখতে, কৈশিক রক্তপ্রবাহ উন্নত করতে, অন্ত্র পরিষ্কার রাখতে, শক্তি বাড়াতে, সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে এবং হজমে সহায়তা করতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই অন্তত এক থেকে দুই গ্লাস পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে।
ধূমপান
ধূমপান শুধু শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে। ক্যানসার, হৃদ্রোগ ও স্ট্রোক ধূমপানের কয়েকটি ক্ষতিকর প্রভাব।

ধূমপানের পরিবর্তে শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা যেতে পারে। এমনকি সাধারণ হাঁটাহাঁটিও ধূমপানের কথা মন থেকে দূরে রাখতে সহায়তা করতে পারে।
ঘুম থেকে উঠেই মুঠোফোন দেখা
ঘুম থেকে ওঠার ১৫ মিনিটের মধ্যেই প্রায় ৮০ শতাংশ মুঠোফোন ব্যবহারকারী তাদের ফোন দেখেন। সকালের শুরুতেই মুঠোফোন দেখার অভ্যাস শান্তভাবে দিন শুরু করার সুযোগ নষ্ট করতে পারে।

পাশাপাশি এটি স্বাস্থ্য ও উৎপাদনশীলতার ওপরও প্রভাব ফেলতে পারে।
তাই দিনের শুরুটা আরও ইতিবাচক করতে এসব অভ্যাস থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সকালের কয়েকটি ছোট পরিবর্তনই দিনের রুটিনকে আরও স্বাস্থ্যকর ও সুশৃঙ্খল করে তুলতে পারে।
/অ