দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শীত এলেই অনেকের একটি সাধারণ কিন্তু অস্বস্তিকর সমস্যা দেখা দেয়—হাত ও পা সব সময় ঠান্ডা হয়ে থাকা। কারও ক্ষেত্রে এই ঠান্ডা অনুভূতির সঙ্গে ব্যথা কিংবা ঝিনঝিনে ভাবও যুক্ত হয়। বিশেষজ্ঞদের মতে, শীতে হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া স্বাভাবিক হলেও কারও কারও ক্ষেত্রে সমস্যাটি বেশি মাত্রায় দেখা দেয়।
কেন শীতে হাত-পা বেশি ঠান্ডা হয়?
আমাদের শরীরের তাপমাত্রা মূলত রক্তপ্রবাহের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। শীতের সময় ঠান্ডার প্রভাবে হাত ও পায়ের রক্তনালি সংকুচিত হয়ে যায়। ফলে শরীরের এই অংশগুলোতে রক্ত চলাচল কমে যায় এবং ঠান্ডা অনুভূতি বেড়ে যায়। তবে সবার শরীরে একইভাবে এর প্রভাব পড়ে না। যাদের রক্তসঞ্চালন তুলনামূলক কম বা শরীরে কোনো অন্তর্নিহিত সমস্যা রয়েছে, তারা এই সমস্যায় বেশি ভোগেন।
শীতে বরফ-ঠান্ডা হাত-পা গরম রাখার উপায়
শীতকালে হাত-পা গরম রাখতে কিছু সহজ অভ্যাস ও যত্ন কার্যকর হতে পারে—
১. মোজা ও গ্লাভস ব্যবহার করুন
ভালো মানের কাপড়ের মোজা ও গ্লাভস পরলে হাত-পায়ের তাপমাত্রা বজায় থাকে।
২. সরিষার তেল ম্যাসাজ করুন
হাত ও পায়ে সরিষার তেল মালিশ করলে রক্তপ্রবাহ বাড়ে এবং গরম অনুভূতি পাওয়া যায়। বিশেষ করে রাতে ঘুমানোর আগে পায়ে তেল লাগালে ঠান্ডাজনিত কাঁপুনি কমে।
৩. নিয়মিত ব্যায়াম করুন
প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করলে সারা শরীরেই রক্ত সঞ্চালন ভালো হয়, ফলে শরীর স্বাভাবিকভাবে উষ্ণ থাকে।
৪. হিটিং প্যাড বা সেঁক নিন
অতিরিক্ত ঠান্ডা অনুভূত হলে হাত-পায়ে হিটিং প্যাড ব্যবহার করে সেঁক দিতে পারেন।
৫. আয়রনসমৃদ্ধ খাবার খান
হাত-পা ঠান্ডা থাকা অনেক সময় রক্তস্বল্পতার (অ্যানিমিয়া) লক্ষণ হতে পারে। তাই আয়রনসমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি খাদ্যতালিকায় রাখুন।
৬. পর্যাপ্ত পানি পান করুন
শীতে অনেকেই পানি কম পান করেন। ফলে শরীর পানিশূন্য হয়ে পড়ে, যা হাত-পা ঠান্ডা হওয়ার অন্যতম কারণ হতে পারে। তাই শীতকালেও পর্যাপ্ত পানি পান করা জরুরি।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
উপরের সব উপায় অনুসরণ করার পরও যদি হাত-পা সব সময় ঠান্ডা থাকে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ থাইরয়েড সমস্যা কিংবা গুরুতর রক্তস্বল্পতার কারণেও এই উপসর্গ দেখা দিতে পারে।
জে আই