দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদনের ওপর আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) শুনানি হওয়ার কথা রয়েছে।
শুনানির আগে সকালে কারাগার থেকে ডনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় নেওয়া হয়েছে। আদালত সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট আদালতে কিছুক্ষণের মধ্যেই রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
এদিকে ডনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে সালমান শাহ হত্যার বিচার দাবিতে আদালত চত্বরে মানববন্ধন করেছেন তার ভক্তদের বিভিন্ন পক্ষ। দুটি ব্যানার নিয়ে সকাল থেকে তারা কর্মসূচিতে অংশ নেন।
ভক্তদের একটি ব্যানারে লেখা ছিল, ‘প্রিয় নায়ক ৩০ বছর ধরে কবরে, তার খুনিরা কেন বাইরে?’
মানববন্ধনে অংশ নেওয়া মাসুদ রানা বলেন, ‘প্রধান আসামি সামিরা, আজিজ, লুসি, রিজভী ও পলাতক অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার আসামি ডনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘সালমান শাহর মৃত্যুর নেপথ্যে যারা দায়ী, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
আরেক অংশগ্রহণকারী মৌসুমী হক বলেন, ‘ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে আনতে হবে। ন্যায়বিচারের জন্য এক নম্বর আসামি সামিরাসহ অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
এমএম/