দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইডেন কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তারের পরদিনই জামিন পেলেন তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু। বৃহস্পতিবার (২ এপ্রিল) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মাহবুব আলম।
অন্তুর পক্ষে জামিন চেয়ে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বাদীপক্ষে আইনজীবী জসীম উদ্দিন জামিন আবেদনের বিরোধিতা করেন।
প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার জানান, উভয় পক্ষের শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় ১৯ এপ্রিল পর্যন্ত আসামিকে জামিন দিয়েছেন আদালত। এদিন মামলার বাদীও আদালতে হাজির হয়ে জামিনের বিরোধিতা করেন বলে জানান তাহমিনা আক্তার।
এর আগে যৌন নিপীড়নের অভিযোগ এনে ওই ছাত্রী মঙ্গলবার রাতে মামলা দায়ের করেন। বুধবার সকালে গুলশান অ্যাভেনিউ থেকে জাহিদ অন্তুকে গ্রেপ্তার করে পুলিশ। জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন রেখে সেদিন তাকে কারাগারে পাঠায় আদালত।
মামলায় বলা হয়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে গিটার ক্লাসকে কেন্দ্র করে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে পরবর্তীতে তাদের সম্পর্ক ভেঙে যায় এবং যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে ওই ছাত্রীর ভাষ্য।
মামলায় বলা হয়েছে, জাহিদের বাসায় একটি পণ্যের ফটোশুটের কথা থাকায় ২৭ মার্চ সন্ধ্যায় তার সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বরে কথা হয় এবং বাসায় যেতে বলেন।
মঙ্গলবার সন্ধ্যায় ওই ছাত্রী জাহিদের গুলশানের বাসায় যান। সেখানে জাহিদ বাদীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। তিনি বাধা দিলে জাহিদ তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার মুখ, গলা ও মাথায় জখম হয় বলে অভিযোগ করেছেন এই শিক্ষার্থী।
পরে তিনি কৌশলে জাহিদের বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।