দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ বুধবার (১১ মার্চ) সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন। এই আদেশের মাধ্যমে তার বিরুদ্ধে থাকা দুদকের দুটি মামলা এবং অন্যান্য বিচারিক কর্মকাণ্ডে জামিন নিশ্চিত হয়েছে। তার আইনজীবী তাসলিমা জাহান পপি জানান, মামলার পর এবার আনিস আলমগীরের কারামুক্তিতে কোনো বাধা নেই।
গত ১৫ জানুয়ারি দুদক আনিস আলমগীরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করে। ২৫ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে গ্রেপ্তারের জন্য আবেদন করেন। পরে ২৮ জানুয়ারি আদালতের মাধ্যমে তাকে গ্রেফতার দেখানো হয়।
মামলার তথ্য অনুযায়ী, আনিস আলমগীরের নামে স্থাবর ও অস্থাবর সম্পদসহ মোট ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকার সম্পদ পাওয়া গেছে। বৈধ আয়ের উৎস থেকে তার মোট আয় ছিল ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা। অতীত সঞ্চয়, টক শো ও কনসালটেন্সি, প্লট বিক্রি এবং ব্যাংক সুদসহ তার বৈধ আয় বিবেচনায় নেওয়া হলেও ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত হিসেবে ধরা হয়েছে, যা মোট অর্জিত সম্পদের প্রায় ৭৭ শতাংশ।
এর আগে, গত ৫ মার্চ আনিস আলমগীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়ে ছিলেন।
এমএস/