দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলার রায় কার্যকর হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার মেয়ে আইনজীবী সাগুফতা তাবাসসুম আহম্মেদ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পরে বাবা হত্যার ন্যায় বিচার পেলাম। বিচার বিভাগ, আইন বিভাগ বিভাগ স্বাধীন। বিশেষ করে আইনজীবী, পুলিশ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা দীর্ঘ সাড়ে ১৭ বছর আমাদের সঙ্গে ছিলেন। তারা অনেক খরব প্রচার করেছেন।
তিনি আরও বলেন, আমার বাবা ড. এস তাহেরকে ২০০৬ সালে যে নির্মমভাবে হত্যা করে বাসার পেছনের সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে রাখা হয়েছিল। তার বিচার হলো, ন্যায় বিচার আমরা পেলাম। প্রথমেই আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি সব আইনজীবী যারা মামলাটি এগিয়ে নিতে সাহায্য করেছেন, অ্যাটর্নি জেনারেল অফিস এবং তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে যারা নিঃস্বার্থভাবে সহায়তা করেছে। আমরা পরিবার হিসেবে অত্যন্ত সাধারণ, বাবাকে তো আর ফেরত পাবো না। সবার কাছে দোয়া চাই।
সাগুফতা বলেন, সাড়ে ১৭ বছর বাবাকে ডাকতে পারি না, ছুঁয়ে দেখতে পারি না। এটা যে আমাদের ভাই-বোনদের জন্য কী কষ্টের তা বলে বোঝাতে পারবো না।
তার আগে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে তাদের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর করা হয়।
ফাঁসি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল।
প্রসঙ্গত, ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহোল থেকে অধ্যাপক তাহেরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ৩ ফেব্রুয়ারি তার ছেলে সানজিদ আলভি আহমেদ বাদী হয়ে নগরীর মতিহার থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর ২০০৭ সালের ১৭ মার্চ ছয়জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার বিচার শেষে ২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রুত বিচার আদালত চারজনকে ফাঁসির আদেশ ও দুজনকে খালাস দেন।
পরে আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ২১ এপ্রিল রায় দেন হাইকোর্ট। রায়ে তাহেরের একসময়ের ছাত্র ও পরে বিভাগীয় সহকর্মী মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং তাহেরের বাসভবনের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। অপর দুই আসামিকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই দুজন হলেন জাহাঙ্গীরের ভাই শিবিরকর্মী আবদুস সালাম ও সালামের আত্মীয় নাজমুল।
রিভিউ খারিজের আদেশ কারাগারে পৌঁছালে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান আসামিরা। সেই প্রাণভিক্ষার আবেদনও নাকচ হয়ে যায়। নাকচের সেই চিঠি গত ৬ জুলাই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পৌঁছে। জেল কোড অনুযায়ী চিঠি হাতে পাওয়ার ২১ থেকে ২৮ দিনের মধ্যে ফাঁসি কার্যকরের নিয়ম রয়েছে।
এফএইচ