দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার চার্জ গঠনের দিন আজ সোমবার ধার্য করেছেন আদালত। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের কার্যতালিকায় মামলাটি অন্তর্ভুক্ত হওয়ায় এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির চার্জ গঠনসংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। এদিন মামলার প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
তিনি জানান, চার্জ গঠনের মাধ্যমে মামলাটি একটি গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করছে। চার্জ গঠন সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে ট্রায়াল শুরু হবে। মামলাটির গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় আদালত প্রাঙ্গণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত চট্টগ্রাম আদালত এলাকায় কঠোর নিরাপত্তা বলয় কার্যকর থাকবে। এ সময় আদালতে প্রবেশের ক্ষেত্রে সীমিত ব্যবস্থা থাকবে এবং প্রবেশকারীদের অবশ্যই পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। বিচার কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ, গত বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে এ মামলার ২২ জন আসামিকে হাজির করা হয়। তবে নিরাপত্তাজনিত কারণে সেদিন প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি। বিচারক এজলাসে বসে একে একে অন্যান্য আসামিদের হাজিরা নিশ্চিত করেন।
ওই দিন মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত উভয় পক্ষের শুনানি গ্রহণের জন্য ১৯ জানুয়ারি তারিখ নির্ধারণ করেন এবং এদিনই চার্জ গঠনের সিদ্ধান্ত দেওয়া হয়।
জে আই