দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৭৬ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ রিমান্ড মঞ্জুর করেন।
মিঠুকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে দুদক তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। তবে দুদক প্রসিকিউটর রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে জামিন নামঞ্জুর করেন।
মিঠুকে গত ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুদকের অনুসন্ধান অনুযায়ী, মিঠু লেক্সিকোন মার্চেন্ডাইজ ও টেকনোক্রেট নামে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে স্থাবর সম্পদ হিসেবে ১৮ কোটি ৪০ লাখ টাকার ভূমি, প্লট, ফ্ল্যাট ও বাড়ি নির্মাণে অর্জন করেছেন। এছাড়া বিভিন্ন কোম্পানিতে শেয়ার, গাড়ি, ব্যাংক হিসাব, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীসহ আরও ৫৭ কোটি ৪৪ লাখ টাকার অস্থাবর সম্পদ তার নামে পাওয়া গেছে।
মোট স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য দাঁড়ায় প্রায় ৭৫ কোটি ৮৫ লাখ টাকা। পারিবারিক ব্যয়সহ তার মোট হিসাব দাঁড়ায় প্রায় ১৪৭ কোটি ৩০ লাখ টাকা। বৈধ উৎস থেকে প্রাপ্ত আয়ের পরিমাণ ৭১ কোটি ৪৯ লাখ টাকা, যার ফলে ৭৫ কোটি ৮০ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ মেলে। এজন্য দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারায় মিঠুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
উল্লেখ্য, ২০১৬ সালের প্রকাশিত পানামা পেপারসে মিঠুর নাম উঠে আসে। অভিযোগ রয়েছে, তার মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সরবরাহ ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রভাব খাটিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করেছে।
জে আই/ আরএ