দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় দলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদারসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন আদালত। এ মামলায় পলাতক থাকা আশরাফ তালুকদারসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে পরোয়ানা তামিলের জন্য আগামী ১৭ আগস্ট দিন ঠিক করেন আদালত।
মঙ্গলবার (২০ জুন) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর চার্জশিট গ্রহণ করে এ আদেশ দেন। একইসঙ্গে জামিনে থাকা ৩ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়। এছাড়া আসামি রাকিবুর রহমান রাকিব ও মোরশেদুল আলম পলাশের জামিন বহাল রাখেন আদালত। শাহজাহানপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন- আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদ মন্টু, ফ্রিডম মানিক ওরফে জাফর, ঢাকা দক্ষিণের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, রিফাত হোসেন, সোহেল রানা, ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা আমিনুল, সামসুল হায়দার উচ্ছল ও ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কামরুজ্জামান বাবুল।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- মশিউর রহমান ইকরাম, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান ওরফে ‘ঘাতক’ সোহেল ও তৌফিক হাসান ওরফে বিডি বাবু।
এর আগে গত ৫ জুন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আশরাফ তালুকদারসহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ডিবি পুলিশ।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শোরুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।