দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে। এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পরে রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এনায়েতপুর আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে দুপুরে বেলকুচির কামারপাড়ার নিজ বাড়ি থেকে আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করে যৌথবাহিনী। পরে এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। পুলিশের করা ওই মামলায় আওয়ামী লীগের চার নেতার নাম উল্লেখ এবং ৬ হাজার অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।
আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। ৫ আগষ্টের পর থেকে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন তিনি।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এফএইচ/