দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৩ মে) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ওই উপজেলার চেয়ারম্যান প্রার্থী গোলাম শরীফ চৌধুরী পিপুলের করা আবেদন খারিজ করে এ আদেশ দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ।
আদালতে শাহাদাতের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী একরামুল হক টুটুল। অন্যদিকে গোলাম শরীফের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ।
পরে আইনজীবী একরামুল হক জানান, শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত স্থগিত করেছিলেন হাইকোর্ট। মনোনয়নপত্র গ্রহণ করে শাহাদাত হোসেনকে প্রতীক বরাদ্দ দিতে হাইকোর্ট নির্দেশ দেন।
এই আদেশ স্থগিত চেয়ে এক প্রার্থী আবেদন করেন। শুনানি নিয়ে আপিল বিভাগ আবেদনটি খারিজ করে দিয়েছেন। ফলে শাহাদাত হোসেনের প্রার্থিতা বহাল রইল। ২৯ মে অনুষ্ঠেয় নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করতে আইনি বাধা নেই। তিনি ইতোমধ্যে প্রতীক বরাদ্দ পেয়েছেন।
মনোনয়নপত্রের সঙ্গে মামলার তথ্য না থাকা, হলফনামায় অসম্পূর্ণ তথ্য, প্রয়োজনীয় তথ্য না দেওয়ায় যাচাই-বাছাই শেষে ৫ মে শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। ওই ত্রুটি অনিচ্ছাকৃত উল্লেখ করে মামলার বিবরণসহ আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করেন তিনি।
রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বাতিল আদেশ যথাযথ উল্লেখ করে আপিল কর্তৃপক্ষ গত ৯ মে আপিল নামঞ্জুর করে সিদ্ধান্ত দেন। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রার্থিতা ফিরে পেতে পরে শাহাদাত হোসেন হাইকোর্টে রিট করেন।
দলীয় নির্দেশনা অমান্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হন। তিনি ছাড়া এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হন আরও তিনজন।
তারা হলেন সেতুমন্ত্রীর আরেক ভাই আবদুল কাদের মির্জার সমর্থিত প্রার্থী গোলাম শরীফ চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগ সমর্থক ওমর আলী। যাচাই-বাছাইয়ে তাঁদের তিনজনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়।
ডিপি/