দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ আগরওয়ালার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন।
এর আগে গত ২১ অক্টোবর একই মামলায় দিলীপ আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। রিমান্ড শেষে রোববার তাঁকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক সুমন মিয়া তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২০ অক্টোবর চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকার অবৈধ স্বর্ণ ও হীরা কেনাবেচা এবং অর্থ পাচারের অভিযোগে করা মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আরেকটি আদালত। পরে উত্তরা পশ্চিম থানার আব্দুল জব্বার হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনএস সেন্টারের পাশে অবস্থান করছিলেন বাদী আব্দুল জব্বার। এ সময় আসামিরা বেআইনিভাবে অস্ত্র নিয়ে দাঙ্গা ও গুলিবর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে একটি গুলি জব্বারের মেরুদণ্ডের নিচে ও কোমরের ওপরে বিদ্ধ হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হওয়ার পর তিনি থানায় মামলা করেন।
এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করে র্যাব। পরে বিভিন্ন হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান তিনি।
এমএম/