দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, শরীয়তপুরের সাবেক সিনিয়র সহকারী জজ (পরবর্তীতে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ) এবং বর্তমানে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত জনাব মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’ এর বিধি ২(ক) ও ২(চ) অনুযায়ী যথাক্রমে ‘অদক্ষতা’ ও ‘অসদাচরণ’-এর অভিযোগে একটি বিভাগীয় মামলা (নং ০২/২০২৬) রুজু করা হয়েছে।
অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করার জন্য সুপ্রিম কোর্ট পরামর্শ দেয়। সুপ্রিম কোর্টের পরামর্শের আলোকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ১১ অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা প্রাপ্ত হবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. খাদেম উল কায়েস।
/অ