দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রবাসীদের অর্থ-সম্পদ ও অধিকার রক্ষা এবং দেশে থাকা বিভিন্ন আইনি বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। বিভাগীয় সদর দপ্তরগুলোতে এসব আদালত গঠনের চিন্তা করা হচ্ছে। এ বিষয়ে প্রস্তাবের খসড়া তৈরির কাজ চলছে। জনপরামর্শ শেষে আগামী সংসদীয় অধিবেশনে প্রস্তাবটি তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রবাসীদের আইনি সহায়তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন আইনমন্ত্রী।
আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি শ্রম রপ্তানি। তবে অন্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের শ্রমিকেরা অনেক ক্ষেত্রে তাঁদের শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এর অন্যতম কারণ অসাধু ব্যবসায়ীদের কর্মকাণ্ড। এ বৈষম্য দূর করতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হতে হবে।
প্রবাসী শ্রমিকদের কর্মপরিবেশ ও দৈনন্দিন দুর্ভোগের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, অনেক শ্রমিককে সকালে বাথরুমে যাওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। এরপর কাজের জন্য দুই ঘণ্টা আগেই রওনা দিতে হয়। সারাদিন কাজ শেষে সন্ধ্যা ৮টা বা ৯টার দিকে বাসায় ফিরে পরিবারের সঙ্গে কথা বলা, রান্নাসহ অন্যান্য কাজ করতে হয়। এত পরিশ্রমের পরও অনেক ক্ষেত্রে তাঁরা অন্য দেশের শ্রমিকদের তুলনায় কম মজুরি পাচ্ছেন। শ্রমের মূল্য নির্ধারণে এ বৈষম্য কমাতে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
প্রবাসীদের সংকটের অন্যতম কারণ হিসেবে অসাধু ব্যবসায়ী ও নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের কথা উল্লেখ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে অনেক প্রবাসীর ভিসা বাতিল হয়েছে। অনেকের ভিসা নবায়নের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে পাঁচ হাজার ভিসা বাতিল হয়েছে বলে জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, কিছু নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে জমা দেওয়া নথিতে অসংগতি পাওয়া যাচ্ছে। এমনকি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সনদ জমা দেওয়ার ঘটনাও ঘটছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এসব নথির সত্যতা যাচাই করা সম্ভব হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিচ্ছে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
প্রবাসীদের আইনি সহায়তা নিশ্চিত করতে আইন মন্ত্রণালয়ের উদ্যোগ তুলে ধরে আসাদুজ্জামান বলেন, প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ ও তাঁদের সন্তানেরা দেশে কোনো আইনি সমস্যায় পড়লে জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে ২৪ ঘণ্টা আইনি সহায়তা দেওয়ার কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রাথমিক আইনি পরামর্শের পাশাপাশি মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগও নেওয়া হচ্ছে। এতে প্রবাসীদের আইনি হয়রানি কমবে বলে আশা করছে সরকার।
বিশেষায়িত আদালত গঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে আইনমন্ত্রী বলেন, প্রবাসীরা বিদেশে কঠোর পরিশ্রম করে দেশে অর্থ পাঠান। কিন্তু দেশে ফিরে অনেক সময় পরিবারের সদস্যদের কাছে সেই অর্থ ফেরত চাইতে গিয়ে কিংবা নিজেদের সম্পত্তি নিয়ে বিরোধের মুখে পড়েন তাঁরা। এসব বিরোধ নিষ্পত্তির জন্য বছরের পর বছর বিদেশে বসে আইনজীবীদের মাধ্যমে মামলা চালাতে হয়। অনেক ক্ষেত্রে মামলার নিষ্পত্তি দেখে যেতে পারেন না তাঁরা। পরে তাঁদের উত্তরাধিকারীদের সেই মামলা চালিয়ে যেতে হয়।
তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ শ্রমিকদের জন্য শ্রম আদালত ও শ্রম আইন রয়েছে। তবে প্রবাসীদের দেশে থাকা অর্থ-সম্পদ ও অন্যান্য আইনি বিরোধ নিষ্পত্তির জন্য আলাদা বিশেষায়িত আদালত গঠনের প্রয়োজন রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, বিভাগীয় সদর দপ্তরগুলোতে এসব আদালত গঠন করা হতে পারে। প্রবাসীদের বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তির জন্য নির্দিষ্ট এখতিয়ারসম্পন্ন আদালত হিসেবে এগুলো কাজ করবে।
আসাদুজ্জামান আরও বলেন, আদালত গঠনের বিষয়ে খসড়া তৈরির কাজ চলছে। সংশ্লিষ্টদের সঙ্গে জনপরামর্শের প্রক্রিয়া দ্রুত শেষ করতে চায় সরকার। চলতি সংসদীয় অধিবেশনে প্রস্তাবটি তোলা সম্ভব না হলেও পরবর্তী অধিবেশনে তা উপস্থাপনের বিষয়ে চিন্তাভাবনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রামরুর সহযোগিতাও কামনা করেন তিনি।
অনুষ্ঠানে রামরুর ভূমিকার প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, গত ৩০ বছর ধরে সংগঠনটি শ্রমিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় কাজ করছে। শ্রমিকদের কল্যাণ ও নীতিনির্ধারণের ক্ষেত্রে সংগঠনটির স্বচ্ছতা বজায় রাখার প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। শ্রমিকদের অধিকার রক্ষায় ভবিষ্যতেও রামরুর ইতিবাচক উদ্যোগের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন আইনমন্ত্রী।
এমএম/