দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন কাজী হাবিবুল আউয়ালকে আদালতে হাজির করে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। শুনানিতে তিনি হাবিবুল আউয়ালকে উদ্দেশ করে বলেন, ‘স্বাধীন বাংলাদেশকে হত্যা করেছেন হাবিবুল আউয়াল। তিনি একজন জ্ঞানপাপী। হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছেন। তাঁর কাঁধে বন্দুক রেখে হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন।’
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তাপস চন্দ্র দাস গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করেন। তিনি আদালতকে বলেন, হাবিবুল আউয়ালের চাকরিজীবনে কালো কালির কোনো দাগ পড়েনি। তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একটি মামলায় জামিন পাওয়ার পর নতুন করে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে বলেও আদালতকে জানান তিনি।
আসামিপক্ষের আইনজীবী আরও বলেন, মামলার ঘটনাকালে কাজী হাবিবুল আউয়াল সাত সদস্যের পুলিশ প্রটেকশন নিয়ে চলতেন। তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং ঘটনাস্থলেও ছিলেন না। তিনি কোনো ব্যক্তিকে গুলি করেননি এবং কাউকে ওই ঘটনায় জড়িত হতে উৎসাহিতও করেননি। এ কারণে তাঁকে এই মামলায় গ্রেপ্তার না দেখানোর জন্য আদালতের কাছে আবেদন জানান তিনি।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত কাজী হাবিবুল আউয়ালকে রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এর আগে শেরেবাংলা নগর থানার রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৫ সালের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
গত ৯ সেপ্টেম্বর ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। তবে কারামুক্তির অপেক্ষায় থাকার মধ্যেই তাঁর বিরুদ্ধে নতুন করে রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
গত ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশ পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান কাজী হাবিবুল আউয়ালকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সেদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৪ অক্টোবর তারিখ নির্ধারণ করেন। সেই ধারাবাহিকতায় রোববার তাঁকে আদালতে হাজির করা হয় এবং শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করেন। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ ও মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়।
এ সময় গুলিবিদ্ধ হয়ে রুবেল মারা যান। এ ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার দেখানোর জন্য তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেন। রোববার উভয় পক্ষের শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
এমএম/