দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। রাষ্ট্রপক্ষের সাক্ষী অসুস্থ থাকায় আগামী ২৬ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন মামলায় রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন ধার্য ছিল। তবে ওই সাক্ষী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি। পরে সাক্ষ্যগ্রহণের জন্য নতুন তারিখ চেয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হয়।
শুনানিতে প্রসিকিউটর মিজানুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, ‘আজ রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষীর জবানবন্দি হওয়ার কথা ছিল। কিন্তু তিনি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আদালতে আসতে পারেননি। এ কারণে অক্টোবরের শেষের দিকে সময় প্রয়োজন।’
পরে আদালত আগামী ২৬ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেন।
এর আগে সোমবার সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে সালমান এফ রহমান ও আনিসুল হককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের শুনানির সময় তারা দুজনই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলাটিতে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে হত্যা, উসকানি ও প্ররোচনাসহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে প্রসিকিউশন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। গত বছরের ৪ ডিসেম্বর একই ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নেন।
পরে চলতি বছরের ১২ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এরপর ২২ ফেব্রুয়ারি থেকে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষ্যগ্রহণের ধারাবাহিকতায় সোমবার ১৩তম সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা থাকলেও তার অসুস্থতার কারণে তা পিছিয়ে গেল।
এমএম/