দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। এর মধ্যদিয়ে ২০২৪ সালে একসঙ্গে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২৩ বিচারকের মধ্যে তিনিই সর্বশেষ স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল ও আপিল বিভাগের রেজিস্ট্রার আশিকুল খবির।
শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের অন্যান্য বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ সেপ্টেম্বর অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন দেবাশীষ রায় চৌধুরী। তবে নির্ধারিত সময়ে তার বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় ওই সময়ে তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়নি।
২০২৪ সালে একসঙ্গে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২৩ জনের মধ্যে ২২ জনকে পরবর্তী সময়ে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই ২২ বিচারপতিকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়।
স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি হলেন—বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি মো. আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি মো. হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথিকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী।
২০২৪ সালে একসঙ্গে নিয়োগ পেলেও ২৩ জনের মধ্যে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীই তখন স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাননি।
সেসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বয়স ৪৫ বছর পূর্ণ হবে। বয়স পূর্ণ হওয়ার পর সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশের বিষয়টি বিবেচনা করা হবে।
পরে নির্ধারিত বয়স পূর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তাকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ২১ সেপ্টেম্বর রাষ্ট্রপতির নিয়োগের পর বৃহস্পতিবার শপথ নিলেন তিনি।
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সন্তান। যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পর তিনি ২০০৫ সালে জেলা আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
এরপর ২০০৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবং ২০১৮ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। দীর্ঘ আইন পেশার পর ২০২৪ সালে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এবার স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে তার বিচারিক দায়িত্বের নতুন অধ্যায় শুরু হলো।
কে