দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে মরিয়মের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রিমান্ড আবেদনসহ আসামিদের আদালতে হাজির করা হচ্ছে। সোমবারই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদনের শুনানি হতে পারে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মরিয়মের বাবা এস এম মাসুম বিশ্বাস শেরেবাংলা নগর থানায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলাম ও মো. ওবায়দুর রহমানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।
এজাহারে বলা হয়েছে, চলতি বছরের জুন মাসে ইসলামী শরিয়াহ অনুযায়ী গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম বিভিন্ন বিষয় নিয়ে মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ করেন তাঁর বাবা। এসব নির্যাতনের কথা মরিয়ম বিভিন্ন সময়ে পরিবারের সদস্যদের মুঠোফোনে জানিয়েছিলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে গাজী নজরুল ইসলাম ফোন করে মরিয়মের বাবা এস এম মাসুম বিশ্বাসকে তাঁর বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে তিনি অনেক লোকজনের উপস্থিতি দেখতে পান। পরে জানতে পারেন, বাসার একটি কক্ষে মরিয়মের মরদেহ পাওয়া গেছে।
এর আগে রোববার রাতে মরিয়মের মরদেহ উদ্ধারের পর গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে মরিয়মের বাবার করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া শুরু করে পুলিশ।
এমএম/