দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেসরকারি ব্যাংকে এন্ট্রি-লেভেলের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি নিয়োগের এক বছরের মধ্যে শিক্ষাগত সনদের সত্যতা যাচাই এবং জাল সনদ ধরা পড়লে তাৎক্ষণিক কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা, সুশাসন ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতেই নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব এন্ট্রি-লেভেলের পদে পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন হয় না, সেসব পদে প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এর মধ্যে রয়েছে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, জুনিয়র অফিসার ও ক্যাশ অফিসার।
নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট বা চাকরির পোর্টালের পাশাপাশি অন্তত দুটি জাতীয় দৈনিকে প্রকাশ করতে হবে। প্রার্থীদের সশরীরে বা অনলাইনে নৈর্ব্যক্তিক কিংবা লিখিত পরীক্ষা নেওয়ার পর অবশ্যই মৌখিক পরীক্ষা আয়োজন করতে হবে এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই চূড়ান্ত নিয়োগ দিতে হবে।
অভিজ্ঞ প্রার্থীদের উচ্চতর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রেও অন্তত মৌখিক পরীক্ষাসহ প্রতিযোগিতামূলক নিয়োগ পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে।
নতুন কর্মকর্তা-কর্মচারীর যোগদানের এক বছরের মধ্যে তাদের সর্বশেষ শিক্ষাগত সনদ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যাচাই করতে হবে।
এ ছাড়া বর্তমানে কর্মরত সব ব্যাংকারের শিক্ষাগত সনদের সত্যতা আগামী ৩১ মার্চ ২০২৭-এর মধ্যে যাচাই সম্পন্ন করতে হবে। পদোন্নতি বা অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্য জমা দেওয়া পেশাগত কিংবা নতুন শিক্ষাগত সনদও যাচাই করে কর্মীর ব্যক্তিগত নথিতে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে অন্য কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানে আগে থেকেই সনদ যাচাই হয়ে থাকলে এবং তার প্রত্যয়নপত্র থাকলে নতুন করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে ছাড়পত্রে কোন কোন সনদ যাচাই করা হয়েছে, তা উল্লেখ করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিয়োগের সময় বা চাকরিরত অবস্থায় কোনো কর্মকর্তার শিক্ষাগত সনদ ভুয়া বা জাল প্রমাণিত হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।
পাশাপাশি প্রতিটি বেসরকারি ব্যাংককে আগামী ৩১ মার্চের মধ্যে পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে আধুনিক ও সমন্বিত মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন বা হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই নীতিমালায় নিয়োগ ও পদোন্নতি, ছুটি, আচরণবিধি, যৌন হয়রানি প্রতিরোধ, হুইসেলব্লোয়ার নীতি এবং স্বার্থের সংঘাত নিরসনসহ ১৮টি নির্দিষ্ট বিষয় অন্তর্ভুক্ত রাখতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, নতুন এসব নির্দেশনা ব্যাংকের মানবসম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াবে, একই সঙ্গে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তা করবে।
কেএম