দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স তাদের ‘ক্রিয়েটর রেভিনিউ শেয়ার’ কর্মসূচি বন্ধ করে নতুন ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে। প্ল্যাটফর্মে মৌলিক ও সৃজনশীল কনটেন্ট তৈরি করা নির্মাতাদের উৎসাহিত করতেই নতুন এই কর্মসূচি চালু করা হচ্ছে।
শুক্রবার (৭ আগস্ট) এক্সের ‘এক্স ক্রিয়েটরস’ অ্যাকাউন্ট থেকে দেওয়া এক ঘোষণায় নতুন কর্মসূচির বিষয়টি জানানো হয়। এক্স জানিয়েছে, মৌলিক ধারণা, দক্ষতা, প্রতিবেদন, সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী বক্তব্যের মাধ্যমে প্ল্যাটফর্মে অবদান রাখা নির্মাতাদের পুরস্কৃত করবে নতুন কর্মসূচি।
এক্সের বর্তমান আয় ভাগাভাগি কর্মসূচিতে নতুন করে আবেদন গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বর্তমান সদস্যরা ২০২৬ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত আয় করতে পারবেন। তাদের জন্য শেষ তিনটি অর্থ পরিশোধের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ আগস্ট, ২৮ আগস্ট ও ১১ সেপ্টেম্বর।
এক্স জানিয়েছে, ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর থেকে বর্তমান আয় ভাগাভাগি কর্মসূচির সদস্যদের নতুন ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ কর্মসূচিতে আবেদন করার সুযোগ দেওয়া শুরু হবে।
নতুন কর্মসূচিতে যুক্ত হতে ব্যবহারকারীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে এক্সের প্রিমিয়াম, প্রিমিয়াম প্লাস অথবা প্রিমিয়াম বিজনেসের গ্রাহক হওয়া, কমপক্ষে ১৮ বছর বয়সী হওয়া এবং অন্তত ৫০০ জন যাচাইকৃত অনুসারী থাকা।
এ ছাড়া গত ৯০ দিনে উত্তরধর্মী পোস্ট বাদ দিয়ে মূল সময়রেখায় অন্তত পাঁচ লাখ যাচাইকৃত প্রদর্শন থাকতে হবে।
নতুন কর্মসূচিতে কীভাবে আয় হবে, সে বিষয়েও নিয়ম জানিয়েছে এক্স। যোগ্য নির্মাতারা তাদের মৌলিক কনটেন্টের প্রদর্শনের ভিত্তিতে অর্থ পাবেন। তবে এর জন্য কেবল প্রিমিয়াম ব্যবহারকারীদের মূল সময়রেখায় তৈরি হওয়া নির্দিষ্ট প্রদর্শন হিসাব করা হবে। পোস্টের অন্তত ৫০ শতাংশ দৃশ্যমান থাকলেই সেই প্রদর্শন যোগ্য হিসেবে গণ্য হবে।
নির্মাতাদের প্রতি দুই সপ্তাহ পরপর অর্থ পরিশোধ করা হবে। নতুন কর্মসূচির প্রথম অর্থ পরিশোধের তারিখ ২৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
এক্স আরও জানিয়েছে, ৮ সেপ্টেম্বর বা তার পর নতুন কর্মসূচিতে যোগ্য হয়ে আবেদন করা বর্তমান আয় ভাগাভাগি কর্মসূচির নির্মাতারা প্রথম অর্থ পাবেন ২০২৬ সালের ২৫ সেপ্টেম্বর।
তবে অন্যের কনটেন্ট নকল করা, অন্য নির্মাতার কনটেন্ট প্রায় একইভাবে পুনরুৎপাদন করা কিংবা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে কনটেন্ট নামিয়ে এক্সে পুনরায় প্রকাশ করলে তা অর্থ পাওয়ার জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবে।
এক্স জানিয়েছে, নতুন কর্মসূচির মাধ্যমে এমন নির্মাতাদের পুরস্কৃত করা হবে, যাদের মৌলিক কাজ প্ল্যাটফর্মটিকে ব্যবহারকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলে।
/অ