দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেসবুক মার্কেটপ্লেসে পণ্য বিক্রেতাদের জন্য নতুন একটি অ্যাপ চালু করেছে মেটা। ‘সেলার’ নামে এই অ্যাপের মাধ্যমে বিক্রেতারা এক জায়গা থেকেই পণ্যের তালিকা তৈরি, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ, মজুত ব্যবস্থাপনা এবং বিক্রির তথ্য বিশ্লেষণের সুবিধা পাবেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রে ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য অ্যাপটি অ্যাপ স্টোরে উন্মুক্ত করা হয়েছে। মেটা জানিয়েছে, নিয়মিত মার্কেটপ্লেসে পণ্য বিক্রি করেন এমন ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে অ্যাপটি তৈরি করা হয়েছে।
মেটার তথ্যমতে, এ বছর ফেসবুক মার্কেটপ্লেসের ১০ বছর পূর্ণ হয়েছে। শুরুতে ফেসবুক গ্রুপে কেনাবেচার মাধ্যম হিসেবে যাত্রা শুরু হলেও বর্তমানে বিশ্বজুড়ে প্রতি মাসে প্রায় ৪৩ কোটি পণ্যের তালিকা মার্কেটপ্লেসে যুক্ত হয়। অনেকের জন্য এটি এখন অতিরিক্ত আয়ের উৎস, আবার অনেকেই এটিকে ছোট ব্যবসায় রূপ দিয়েছেন।
নতুন ‘সেলার’ অ্যাপটি ফেসবুক মার্কেটপ্লেসের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। ব্যবহারকারীর আগের পণ্যের তালিকা, বার্তা এবং বিক্রির ইতিহাস স্বয়ংক্রিয়ভাবে অ্যাপে যুক্ত হবে। অ্যাপ থেকে নতুন কোনো পণ্যের তালিকা তৈরি করলে সেটিও সরাসরি মার্কেটপ্লেসে প্রকাশ হবে। তবে আগের মতো ফেসবুক অ্যাপ থেকেই মার্কেটপ্লেস ব্যবহার করা যাবে।
অ্যাপটিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পণ্যের তালিকা তৈরির সুবিধা। ব্যবহারকারী ছবি আপলোড করলে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা স্বয়ংক্রিয়ভাবে পণ্যের টাইটেল, বিবরণ, সম্ভাব্য মূল্য এবং ক্যাটাগরি নির্ধারণে সহায়তা করবে। একই সঙ্গে একাধিক পণ্যের তালিকা একসঙ্গে তৈরির সুবিধাও রাখা হয়েছে।
এ ছাড়া একটি সমন্বিত বার্তা ব্যবস্থা থাকায় নির্দিষ্ট পণ্যকে কেন্দ্র করে ক্রেতাদের সব বার্তা একই জায়গায় দেখা যাবে। বিক্রেতারা এক স্থান থেকেই পণ্যের তালিকা সম্পাদনা, পুনরায় প্রকাশ এবং মজুত ব্যবস্থাপনাও করতে পারবেন।
বিক্রির কার্যকারিতা মূল্যায়নের জন্য অ্যাপে পণ্য দেখা, ক্লিক, বার্তার সংখ্যা এবং বিক্রি হওয়া পণ্যের তথ্য বিশ্লেষণের সুবিধা রাখা হয়েছে। এর মাধ্যমে বিক্রেতারা প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ এবং মজুত ব্যবস্থাপনায় আরও কার্যকর সিদ্ধান্ত নিতে পারবেন।
মেটা জানিয়েছে, বর্তমানে অ্যাপটি অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অ্যান্ড্রয়েড সংস্করণের পরীক্ষামূলক কার্যক্রম এবং ওয়েব সংস্করণও চালু করা হচ্ছে। বিক্রেতাদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে অ্যাপটিতে আরও নতুন সুবিধা যুক্ত করা হবে।
/অ