দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গুগল ওয়ালেট এখন যুক্তরাষ্ট্রের আইফোন ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত হয়েছে। তবে অ্যাপটির একটি গুরুত্বপূর্ণ সুবিধা না থাকায় অনেক ব্যবহারকারীকে অ্যাপল ওয়ালেটের ওপরই নির্ভর করতে হতে পারে।
গুগলের নিজস্ব ডিজিটাল ওয়ালেট সেবাটির মাধ্যমে পেমেন্ট কার্ড, বিভিন্ন পাস ও পরিচয়পত্র সংরক্ষণ করা যায়। এমনকি অনলাইনে কেনাকাটার অর্ডারের অবস্থানও জানা যায়। আইফোন ব্যবহারকারীরা এখন গুগল ওয়ালেট অ্যাপ ও এর এজেন্টিক শপিং সুবিধা ব্যবহার করতে পারবেন। তবে এতে ট্যাপ-টু-পে সুবিধা থাকছে না।
গুগলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুগল ওয়ালেট স্বয়ংক্রিয়ভাবে জিমেইলসহ গুগলের অন্যান্য অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে ডিজিটাল বোর্ডিং পাস, কেনাকাটার রসিদ, কনসার্টের টিকিট এবং অর্ডারের হালনাগাদ তথ্য দেখাবে। পাশাপাশি ব্যবহারকারীরা পেমেন্ট কার্ড ব্যবস্থাপনার মাধ্যমে গুগল পে সমর্থিত ওয়েবসাইটে দ্রুত লেনদেন করতে পারবেন। সদস্যপদ ও লয়্যালটি কার্ডের মতো বিভিন্ন ফিজিক্যাল কার্ডও ডিজিটাল আকারে সংরক্ষণ করা যাবে।
তবে আপাতত ট্যাপ-টু-পে প্রযুক্তির মাধ্যমে সরাসরি সংযোগহীন লেনদেনের সুবিধা পাওয়া যাবে না। এ সুবিধা কবে চালু হবে, সে বিষয়েও গুগল স্পষ্ট করে কিছু জানায়নি।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম জেডডিনেটের পর্যবেক্ষণ অনুযায়ী, আইফোনে গুগল ওয়ালেট চালুর পেছনে গুগলের অন্যতম লক্ষ্য হলো জেমিনির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা বাড়ানো। ব্যবহারকারীরা কেনাকাটার জন্য গুগলের জেমিনিকে অনুমতি দিতে পারবেন। পাশাপাশি কেনাকাটার সর্বোচ্চ বাজেটও নির্ধারণ করে দেওয়া যাবে। এভাবে গুগল ওয়ালেট ব্যবহারকারীদের কেনাকাটা ব্যবস্থাপনার এআই হাবে পরিণত হবে। তবে ইতিবাচক দিক হলো, আইফোন ব্যবহারকারীরা এখন গুগল ওয়ালেটের এমন কিছু সুবিধা ব্যবহার করতে পারবেন, যেগুলো এত দিন অনেকের নজরের বাইরে ছিল।
আইফোনে যেভাবে ব্যবহার করবেন গুগল ওয়ালেট: গুগল ওয়ালেট অ্যাপ চালুর আগে আইফোন ব্যবহারকারীদের মোবাইল ব্রাউজার, যেমন গুগল ক্রোমের মাধ্যমে পেমেন্ট কার্ড ও অন্যান্য তথ্য ব্যবহারের ওপর নির্ভর করতে হতো। অবশ্য আইওএসের জন্য গুগল পের একটি অ্যাপ ছিল। তবে ২০২৪ সালে সেটি বন্ধ করে দেওয়া হয়। ওই অ্যাপেও ট্যাপ-টু-পে সুবিধা ছিল না। সে সময় গুগল ওয়ালেটের সুবিধা বাড়ানোর দিকে মনোযোগ দিতে গুগল পে অ্যাপটি বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।
এখন অ্যাপলের অ্যাপ স্টোর থেকেই গুগল ওয়ালেট ডাউনলোড করা যাবে। অ্যাপটি বর্তমানে ৪৬টি রেটিং ও ১০টি রিভিউয়ের ভিত্তিতে ৫-এর মধ্যে ৩.৮ স্টার পেয়েছে। তবে কয়েকজন ব্যবহারকারী রিভিউতে ট্যাপ-টু-পে সুবিধা না থাকাকে অ্যাপটির সবচেয়ে বড় সীমাবদ্ধতা হিসেবে উল্লেখ করেছেন।
আইফোনে গুগল ওয়ালেট ব্যবহার শুরু করতে অ্যাপটি ডাউনলোড করে নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। এ সময় অ্যাপটি ধাপে ধাপে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। পাশাপাশি গুগল অ্যাকাউন্ট থেকে কোন কোন তথ্য ওয়ালেটে যুক্ত করতে চান, তা বেছে নেওয়ার সুযোগও থাকবে।
অবশ্য অ্যাপল পে ও গুগল ওয়ালেট ছাড়াও ডিজিটাল ওয়ালেট ব্যবহারের আরও অনেক বিকল্প রয়েছে। তাই ব্যবহারকারীদের শুধু গুগল ও অ্যাপলের মধ্যে একটি বেছে নিতে হবে, এমন নয়। আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাই গুগল ওয়ালেটের আইওএস সংস্করণ ব্যবহার করতে পারবেন। অন্য দেশে কবে এটি চালু হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি গুগল। এ ছাড়া অ্যাপল ওয়াচেও এখন পর্যন্ত গুগল ওয়ালেটের আনুষ্ঠানিক সমর্থন নেই। তবে আইফোনে অ্যাপটি চালু হওয়াকে এ ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: বিজিআর
কে