দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বৃহত্তম ডেটা সেন্টারে ৩২৫ কিলোওয়াট-পিক ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করেছে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। সিলেটে অবস্থিত প্রতিষ্ঠানটির ডেটা সেন্টারে স্থাপিত এ কেন্দ্রে রয়েছে ৪৫০টি সৌর প্যানেল। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করেছে প্রযুক্তিপ্রতিষ্ঠান জেডটিই।
গ্রামীণফোনের তথ্য অনুযায়ী, নতুন এ সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বছরে ৩০০ মেগাওয়াট-ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে। এর ফলে বছরে প্রায় ১৮৮ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানো সম্ভব হবে। দেশের কোনো ডেটা সেন্টারে স্থাপিত সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে এটিই বৃহত্তম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গ্রামীণফোনের ২০১৯ সালের ভিত্তিবছরের তুলনায় ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৫০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ডেটা সেন্টারের কার্যক্রমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে পরিবেশের ওপর প্রভাব কমানোর পাশাপাশি ডিজিটাল সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণে টেকসই অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের।
সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্রটির উদ্বোধন করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা আবুল কাসেম মহিউদ্দিন আল-আমিন, প্রধান অর্থ কর্মকর্তা অটো মাগনে রিসব্যাক, প্রধান বিপণন কর্মকর্তা ফারহা নাজ জামান এবং জেডটিই বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাও জুন্যং উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইয়াসির আজমান বলেন, বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের সঙ্গে নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলা জরুরি। ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৫০ শতাংশ কমানোর লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং কার্যক্রমজুড়ে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছে গ্রামীণফোন। সিলেট ডেটা সেন্টারের সৌরবিদ্যুৎ কেন্দ্রটি এ লক্ষ্য বাস্তবায়নের একটি পদক্ষেপ।
জেডটিই বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাও জুন্যং বলেন, উন্নত প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানির সমন্বয়ে জ্বালানিসাশ্রয়ী এবং টেকসই ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা সম্ভব। ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি গ্রামীণফোনের পরিবেশগত লক্ষ্য অর্জনে সহায়তা করবে এ প্রকল্প।
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি গ্রহণ এবং সম্পদের দায়িত্বশীল ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমানোর উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির লক্ষ্য, পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও টেকসই করে তোলা।
এমএম/