দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের পাঁচটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি জাহাজ ডুবে গেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর জবাবে জর্ডানে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
সেন্টকম জানায়, মঙ্গলবার ওমান উপসাগরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সঙ্গে সংশ্লিষ্ট চারটি তেলবাহী জাহাজ এবং ইরানের উপকূলের কাছে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের কাছে আরও একটি জাহাজে হামলা চালানো হয়।
হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর একটি এমটি রিয়েস্কো ওমান উপসাগরে ডুবে গেছে বলে পরে জানায় সেন্টকম। এ-সংক্রান্ত একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে মার্কিন বাহিনী।
অন্যদিকে, ইরানের ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি ভূপাতিত করার দাবি করেছে জর্ডান। দেশটির সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র জানান, বাকি দুটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে। এতে হতাহতের কোনো তথ্য জানানো হয়নি।
ইরানের বিপ্লবী গার্ড বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের দুটি জাহাজ, আটটি তেলবাহী জাহাজ এবং নিষেধাজ্ঞা না মানা আরও ১০টি জাহাজে হামলা চালিয়েছে তারা। এর আগে ইরান একটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেন্টকমের দাবি, মার্কিন যুদ্ধজাহাজগুলো হামলা এড়িয়ে যেতে সক্ষম হয়েছে এবং এতে কোনো মার্কিন সেনা আহত হয়নি।
এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা যে পাঁচটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে, সেগুলো বিপ্লবী গার্ড ও তাদের আঞ্চলিক মিত্রদের অর্থায়নকারী বহু বিলিয়ন ডলারের গোপন বাণিজ্যিক নেটওয়ার্কের অংশ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান যতবার মার্কিন নৌযানে হামলা চালাবে বা হামলার চেষ্টা করবে, ততবার তাদের তেলবাহী জাহাজ হারাতে হবে। কলম্বিয়া সফরের সময় সাংবাদিকদের তিনি বলেন, বিষয়টি বেশ সরল।
গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা ব্যাপকভাবে বেড়েছে। এর ছয় মাসের বেশি আগে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করেছিল।
এদিকে উত্তেজনার প্রভাবে এশিয়ার বাজারে বুধবার দিনের শুরুতে তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪১ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৫৫ ডলারে ওঠে।
হরমুজ প্রণালির উত্তেজনাও তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল খার্গ দ্বীপ দিয়ে দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি হয়। মূল ভূখণ্ড থেকে পাইপলাইনের মাধ্যমে তেল সেখানে নেওয়া হয়।
এর মধ্যে ইরানের মিত্র ইয়েমেনের হুথি আন্দোলন মঙ্গলবার সৌদি আরবের জ্বালানি স্থাপনা ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, এতে ৭৩ জন আহত হয়েছেন। হামলার পর কয়েকটি তেল স্থাপনায় আগুন ধরে যায় এবং সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে হয় বলে সৌদি সামরিক বাহিনী ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে।
এর আগে মঙ্গলবার ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালিতে একটি মার্কিন চালকবিহীন ডুবোজাহাজ জব্দ করার দাবি করে। তবে সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, মার্কিন বাহিনীর পরিচালিত পানির নিচের ড্রোনটি এক দিনেরও বেশি সময় আগে ত্রুটির কারণে অচল হয়ে পড়েছিল। আঞ্চলিক জলসীমা পর্যবেক্ষণের কাজে এটি ব্যবহার করা হচ্ছিল।
তিনি আরও বলেন, ড্রোনটি পুরোনো মডেলের ছিল এবং এতে কোনো সংবেদনশীল তথ্য বা গোপন শ্রবণ ও রাডার সরঞ্জাম ছিল না। আঞ্চলিক জলসীমায় মার্কিন সামরিক কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সূত্র: বিবিসি
এমএস/