দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় তেল চুরির চেষ্টা করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ার কবলে পড়ে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, ওক্রিকা ও আশপাশের এলাকার ২০০ জনেরও বেশি তরুণ কাঠের নৌকায় করে সেখানে পৌঁছে পাইপলাইন থেকে পেট্রোলিয়ামজাত পণ্য চুরির চেষ্টা করেন।
জানা গেছে, রপ্তানির জন্য একটি জাহাজে পেট্রোলিয়ামজাত পণ্য তোলার সময় তরুণেরা পাইপলাইনের একটি অবৈধ ট্যাপিং পয়েন্টে পাইপ সংযুক্ত করে নৌকায় পণ্য সংগ্রহ করছিলেন। এ সময় পাইপলাইনের ভেতর দিয়ে উচ্চচাপে পেট্রোলিয়ামজাত পণ্য প্রবাহিত হওয়ায় চারদিকে ঘন বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে অনেকে অসুস্থ ও জ্ঞান হারান। কয়েকজন নদীতে পড়ে ডুবে যান।
পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ ও ভয়াবহতা জানতে তদন্ত চলছে। পরিবেশ ও মানবাধিকার সংগঠন ইয়েক-নাইজেরিয়াও একাধিক মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংগঠনটির নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে জানান, নদীতে বেশ কয়েকটি মরদেহ ভাসতে দেখা গেছে এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।
নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, চলতি বছরের এপ্রিলে রিভার্স, ডেল্টা ও আকওয়া ইবোম প্রদেশে অভিযান চালিয়ে ১০টি অবৈধ তেল শোধনাগার ধ্বংস এবং তেল চুরির সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এসব অভিযানে ১ লাখ ৩০ হাজার লিটারের বেশি চোরাই অপরিশোধিত তেল এবং ২৬ হাজার লিটারের বেশি অটোমোটিভ গ্যাস অয়েল উদ্ধার করা হয় বলেও জানিয়েছে সেনাবাহিনী।
এর আগে গত ২৮ আগস্টের এক অভিযানে নাইজেরিয়ার নৌবাহিনী রিভার্স প্রদেশে দুটি অবৈধ তেল শোধনাগার ধ্বংস এবং অবৈধভাবে পরিশোধিত বলে সন্দেহ করা ৩৪ হাজার লিটার অটোমোটিভ গ্যাস অয়েল উদ্ধার করার কথা জানিয়েছিল।
তথ্যসূত্র: আনাদোলু
কেএম