দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়া ও সিরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং সিরিয়ায় রাশিয়ার গুরুত্বপূর্ণ দুই সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
বুধবার টেলিফোনে কথা বলেন দুই নেতা। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে সিরিয়ায় ইসরায়েলের হামলা ও দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরোধিতার কথাও জানান তিনি।
আলোচনায় দুই দেশের রাজনৈতিক সংলাপ আরও গভীর করা, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয় উঠে আসে। দুই পক্ষই বিভিন্ন পর্যায়ে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে বলে জানিয়েছে ক্রেমলিন।
তবে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সিরিয়ায় রাশিয়ার খমেইমিম বিমানঘাঁটি ও তারতুস নৌঘাঁটির ভবিষ্যৎ। মধ্যপ্রাচ্যে রাশিয়ার কৌশলগত উপস্থিতি বজায় রাখতে ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত এই দুই ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্রেমলিন জানিয়েছে, দুই নেতা গত ৯ আগস্ট স্বাক্ষরিত ‘খমেইমিম বিমানঘাঁটি ও তারতুস উপাদান-প্রযুক্তিগত সহায়তা কেন্দ্র পুনর্গঠনবিষয়ক সমঝোতা স্মারক’-এর গুরুত্ব তুলে ধরেছেন।
চলতি মাসের শুরুতে সিরিয়া জানায়, ১৮ মাসের আলোচনার পর দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছেছে। এর আওতায় খমেইমিম ও তারতুসকে যৌথ প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নকেন্দ্রে রূপান্তর করা হবে। পাশাপাশি দুই ঘাঁটির বেসামরিক স্থাপনার নিয়ন্ত্রণ নেবে সিরিয়া।
সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধজুড়ে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিয়েছিল রাশিয়া। তাকে ক্ষমতায় রাখতে সামরিকভাবেও হস্তক্ষেপ করে মস্কো। এ সময় খমেইমিম বিমানঘাঁটি ও ভূমধ্যসাগরীয় উপকূলে তারতুস নৌঘাঁটিতে রাশিয়ার উপস্থিতি আরও বিস্তৃত হয়।
তবে আল-শারার নেতৃত্বে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন পুতিন। একই সঙ্গে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় রাশিয়ার প্রভাব ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই দুই সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিশ্চিত করাও মস্কোর অন্যতম প্রধান লক্ষ্য।
/অ