দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে মিসর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্পের দূতেরা। রোববার কায়রোতে এসব বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন এক কূটনৈতিক সূত্র। এদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে।
ট্রাম্পের জামাতা ও দূত জ্যারেড কুশনার এবং গাজার জন্য ট্রাম্পের বোর্ড অব পিসের দূত নিকোলাই ম্লাদেনভ মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে অংশ নেন। কয়েকটি বৈঠকে হামাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে ওই কূটনৈতিক সূত্র জানিয়েছে।
ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সোমবার কুশনার ও ম্লাদেনভের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। তবে গত ৯ আগস্ট নেতানিয়াহু ট্রাম্পের সর্বশেষ গাজা শান্তি পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছিলেন।
ওই কর্মকর্তা জানান, গাজায় হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে হত্যাকাণ্ড বন্ধে ওয়াশিংটনের দাবিতে ইসরায়েলের উদ্বেগ রয়েছে। তাদের দাবি, হামাস গাজায় আবারও নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে।
ট্রাম্পের শান্তি পরিকল্পনায় গাজায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েলি সেনারা গাজা থেকে প্রত্যাহার করবে এবং হামাস অস্ত্র ত্যাগ করবে। এরপর নতুন একটি বেসামরিক ফিলিস্তিনি প্রশাসনের অধীনে গাজার পুনর্গঠন করা হবে।
চলতি মাসের শুরুতে গাজায় হামলা কিছুটা কমিয়ে আনার পর গত কয়েক দিনে আবারও বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রোববার খান ইউনিস ও নুসেইরাতে ইসলামিক জিহাদ ও হামাসের দুই সদস্যকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। গাজার চিকিৎসকরা জানিয়েছেন, একটি তাঁবু এলাকায় চালানো হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি আহত হন। পরে নাসের হাসপাতালের চিকিৎসকরা জানান, খান ইউনিসে আহতদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নুসেইরাত শরণার্থী শিবিরে আরেকটি বিমান হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, সেখানে আরেকজন হামাস সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। চিকিৎসকদের মতে, ওই হামলায়ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এর আগে হামাসের নেতা খলিল আল-হাইয়া কায়রোতে মিসরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদের সঙ্গে বৈঠক করেন। হামাসের গাজা বিষয়ক মুখপাত্র হাজেম কাসেম জানিয়েছেন, ইসরায়েলের কথিত যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে মধ্যস্থতাকারীদের অবহিত করবেন আল-হাইয়া।
কুশনার এর আগে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও বৈঠক করেন বলে সিসির কার্যালয় জানিয়েছে।
ট্রাম্প গত মাসে ঘোষণা করেছিলেন, গাজা যুদ্ধ বন্ধে তাঁর পরিকল্পনায় অগ্রগতি হয়েছে এবং ইসরায়েল ও হামাস উভয় পক্ষই এতে সম্মত হয়েছে। হামাসও জানিয়েছিল, যুদ্ধ পুনরায় শুরু হওয়া ঠেকাতে তারা পরিকল্পনাটিতে সম্মতি দিয়েছে। তবে তাদের দাবি, ইসরায়েল সেনা প্রত্যাহার ও হামলা বন্ধসহ নিজেদের প্রতিশ্রুতি পূরণ করার পরই পরিকল্পনাটি বাস্তবায়ন করা সম্ভব।
অক্টোবরে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতিতে গাজায় দুই বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধের বড় ধরনের লড়াই থেমেছিল। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এই যুদ্ধ শুরু হয়েছিল। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ হয়নি।
ইসরায়েলি পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার ২৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে কতজন হামাসের যোদ্ধা ছিলেন, তা স্পষ্ট নয়। একই সময়ে গাজায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল।
সূত্র: রয়টার্স
এমএস/